ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ দুই কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) উপজেলার আশ্রবপুর এলাকায় কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয় ময়মনসিংহের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার আমলাপাড়া কমলপুর এলাকার আব্দুল আলী ওরফে মসম (৩২) এবং নরসিংদী জেলার রায়পুরা থানার রতনপুর গ্রামের ইমন মিয়া (২০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রাইভেটকারে বিপুল পরিমাণ গাঁজার একটি চালান ময়মনসিংহের দিকে যাচ্ছে এমন গোপন খবরের ভিত্তিতে আশ্রবপুর এলাকায় মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। সন্দেহভাজন একটি প্রাইভেটকার পৌঁছালে সংকেত দিয়ে গাড়িটি থামানো হয়। পরে তল্লাশি চালিয়ে ভেতর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং গাড়িতে থাকা দুজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় মামলা করেন।
অভিযান পরিচালনাকারী দলের কর্মকর্তা ও বিভাগীয় গোয়েন্দা কার্যালয় ময়মনসিংহের সহকারী পরিচালক কাওসারুল হাসান রনি জানান, মাদকের বিস্তার রোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
জেএইচআর
