পশ্চিম জাপানের শিমানে জেলায় হ্যালোইন পোশাকে পেঙ্গুইন
পশ্চিম জাপানের শিমানে জেলার মাৎসুয়ে শহরের একটি থিম পার্কে হ্যালোইন পোশাকে সজ্জিত পেঙ্গুইন দর্শনার্থীদের আনন্দ দিচ্ছে।
ফুল ও পাখি পরিবেষ্টিত মাৎসুয়ে ফোগেল পার্কে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়, কর্মীদের হাতে তৈরি হ্যালোইন পোশাক পরে পার্কের একদল কেপ পেঙ্গুইনকে যেখানে চারপাশে ঘুরে বেড়াতে দেখা গেছে।
প্রায় ৬০ সেন্টিমিটার লম্বা ছয়টি পেঙ্গুইন কুমড়ো ও বাদুড়ের নকশা করা পোশাক পরে গ্রিনহাউসের মধ্যে দিয়ে হেলেদুলে হেঁটে যাচ্ছিল।
দর্শনার্থীরা তাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন এবং ছবি তুলছিলেন।
সপরিবারে আসা ত্রিশের কোঠায় বয়সের এক মহিলা বলেন, পেঙ্গুইনদের হাঁটার ভঙ্গিটা ছিল খুবই মনোহর এবং মৌসুমি পোশাকগুলোও তার খুব ভালো লেগেছে।
পার্কের কর্মকর্তা ফুজিহারা শুন বলেছেন, পেঙ্গুইনদের টলমল করে হাঁটার দৃশ্য মানুষের মনকে উৎফুল্ল করবে বলে তিনি আশা করছেন।