রাষ্ট্র সব ধর্মের মানুষকে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালনের স্বীকৃতি দেয় এবং ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে বলে মন্তব্য করেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর জেলা শহরের শ্যাম সুন্দর জিউ আখড়া, আনন্দময়ী কালী মন্দির ও ত্রিনয়নী দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী বলেন, আবহমানকাল থেকে এ অঞ্চলে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ স্বাধীনভাবে আনন্দমুখর পরিবেশে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসব পালন করে আসছেন। তাঁদের মধ্যে সম্প্রীতির বন্ধন সব সময়ই ছিল। তবে হঠাৎ করেই যেন সেই সম্প্রীতির বন্ধনে কিছুটা ছেদ পড়েছে।
তিনি আরও বলেন, রাষ্ট্রীয়ভাবে সব ধর্মের মানুষকে স্বাধীনভাবে ধর্ম পালনের স্বীকৃতি দেওয়া হয় এবং এ বিষয়ে উৎসাহিত করা হয়। রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে। সেই লক্ষ্য ও উদ্দেশ্য সামনে রেখেই তাঁরা বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করছেন।
এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, সাধারণ সম্পাদক মিলন মন্ডল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথ, সাধারণ সম্পাদক শিমুল সাহা এবং জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সহসভাপতি মানিক সাহা প্রমুখ।
