এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে হার দিয়ে নিজেদের অভিযান শুরু করেছে বাংলাদেশের ক্লাব ফর্টিজ এফসি। শনিবার রাতে কুয়েতের ক্লাব আল-কাদসিয়ার কাছে ৩-০ গোলের বড় ব্যবধানে হেরেছে তারা। কুয়েতের মোহাম্মদ আল-হামাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে স্বাগতিকদের আক্রমণের তোড়ে শুরু থেকেই কোণঠাসা হয়ে পড়ে বাংলাদেশের প্রতিনিধিরা।
ম্যাচের ২০তম মিনিটে প্রথম লিড নেয় স্বাগতিক কাদসিয়া। নিজেদের ডি-বক্সের ভেতরে ফর্টিজের খেলোয়াড় ফাউল করে বসলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে নিখুঁত শটে গোল করে দলকে এগিয়ে নেন মরক্কোর ফরোয়ার্ড হামজা খাব্বা। পিছিয়ে পড়ার পর ফর্টিজের শ্রীলঙ্কান গোলরক্ষক সুজন পেরেরা চমৎকার কয়েকটি নিশ্চিত আক্রমণ প্রতিহত করে ব্যবধান বাড়তে না দিলে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় ফর্টিজ।
বিরতির পর ফিরে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ৭১তম মিনিটে দ্বিতীয় গোল হজম করে বসে ফর্টিজ। প্রথম গোলের নায়ক হামজা খাব্বার বাড়ানো পাস ধরে ব্যবধান দ্বিগুণ করেন আরেক মরক্কান ফরোয়ার্ড আইয়ুব লাখদার। এরপর ম্যাচের নির্ধারিত সময় শেষে যোগ করা ইনজুরি সময়ে আবদুল্লাহ গোল করলে কাদসিয়ার ৩-০ গোলের বড় জয় নিশ্চিত হয়।
এর আগে প্রাথমিক প্লে-অফ পর্বে নিজেদের মাঠে কিরগিজস্তানের দল মুরাস ইউনাইটেডকে হারিয়ে প্রথমবারের মতো এই প্রতিযোগিতার মূল পর্বে জায়গা করে নিয়েছিল ফর্টিজ এফসি। এএফসি চ্যালেঞ্জ লিগের ‘সি’ গ্রুপে ফর্টিজের অন্য দুই প্রতিপক্ষ হলো ভারতের এফসি গোয়া এবং তাজিকিস্তানের রেগার তাদাজ তুরসুনজোদা। আগামী ২০ অক্টোবর গ্রুপ পর্বের নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের ক্লাব এফসি গোয়ার মুখোমুখি হবে ফর্টিজ।
