মেহেরপুর নিউজ:
বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মেহেরপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে।
‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষে সোমবার দুপুরে মেহেরপুর জেলা শিশু একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোছা. নাসিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রতিম শীল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ, জেলা শিশু একাডেমির ভারপ্রাপ্ত শিশু বিষয়ক কর্মকর্তা বুলবুলি খাতুন এবং মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ।
আলোচনা সভায় কন্যাশিশুদের অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিক্ষা ও উন্নয়নের মাধ্যমে তাদের সম্ভাবনা বিকাশের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি কন্যাশিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং সমাজের সর্বস্তরে তাদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানানো হয়।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এর আগে দিবসটি উপলক্ষে জেলা শিশু একাডেমির সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হকের নেতৃত্বে র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালিতে অন্যদের মধ্যে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাসিমা খাতুন, জেলা শিশু একাডেমির ভারপ্রাপ্ত শিশু বিষয়ক কর্মকর্তা বুলবুলি খাতুনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীরা অংশ নেয়।
The post মেহেরপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত appeared first on Meherpur News.
