রংপুরের পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছে। আজ মঙ্গলবার বিকাল ৫ টার দিকে পৌরসভার ৯ ওয়ার্ডের আরাজীগঙ্গারামপুর গ্রামে পৌরসভার নিজস্ব জাশগায় নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও তিন শ্রমিক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার আছাদুল হক ও রংপুর সদরের শিহাব মিয়া। আহতরা হলেন বাবলা মিয়া, লিটন মন্ডল, সেলিম মিয়া।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পৌরসভার নির্মানাধীন ভবনে সকাল থেকে ১৩ জন শ্রমিক ছাদের নির্মাণ কাজ করছিলেন। হঠাৎ সাটারিং ভেঙে পড়লে তার নিচে চাপা পড়েন পাঁচ শ্রমিক। এসময় পীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক আছাদুল ও শিহাবকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার সময় ঠিকাদারি প্রতিষ্ঠান ভিশন-২০২০-এর কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। তারা সবাই ভবন এলাকা ছেড়ে পালিয়েছেন।
পীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নাজমুল সরকার বলেন, ঘটনাস্থল থেকে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। স্থানীয়রা আরও তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, নিহতদের পরিবারের নিকট খবর দেওয়া হয়েছে। নিহতের স্বজনদের সাথে কথা বলে মামলার প্রক্রিয়া শুরু হবে।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকী উল বারী বলেন, উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।
