দশমিনায় নিষেধাজ্ঞা অমান্য করে তেঁতুলিয়া নদীতে ইলিশ শিকারের দায়ে চার জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অভিযানে প্রায় ৭০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করে ধ্বংস করা হয়।
শনিবার (২৪ অক্টোবর) দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে তেঁতুলিয়া নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মৎস্য বিভাগ, নৌপুলিশ ও দশমিনা থানা পুলিশের সদস্যরা অংশ নেন।
অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকারের দায়ে চার জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ইলিশ সংরক্ষণে নিষিদ্ধ প্রায় ৭০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করে ধ্বংস করা হয়।
দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন দশমিনা উপজেলার ঢনঢনিয়া গ্রামের মো. সাগর রাঢ়ী (২০), মো. ইমরান গাজী (১৯), মো. সোহাগ হোসেন মিয়া (১৯) ও মো. জহির মির (১৯)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ মাহমুদ হাসান মৃধা জানান, ইলিশের প্রজনন ও উৎপাদন সুরক্ষায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়ন এবং অবৈধভাবে মাছ শিকার বন্ধে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।
