শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:২৫ রাত
নিউজ ডেস্ক: কুমিল্লার লালমাইয়ে দেশীয় অস্ত্র ও এয়ারগানসহ কিশোর গ্যাংয়ের এক নেতাকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বেলঘর ইউনিয়নের ইছাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসআরবি জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্রের মহড়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি যাচাই-বাছাই শুরু করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, কিশোর গ্যাং লিডার আসিফ নিজ বাড়িতে দেশীয় অস্ত্র ও পাইপগান তৈরির সঙ্গে জড়িত। এরপর ওই বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় ১৬টি ছোট-বড় রামদা, চাকু-চাপাতি, দুটি এয়ারগান, এক বক্স কার্তুজ, একটি ড্রিল মেশিন, একটি কাটার মেশিন ও একটি সামুরাই উদ্ধার করা হয়।
এসআরবি-১১ সিপিসি-২ কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন দেশীয় অস্ত্রের প্রদর্শন করতেন আসিফ। বিষয়টি আমাদের নজরে এলে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে খোঁজ-খবর নিয়ে আজ সন্ধ্যায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল দেশীয় অস্ত্রসহ আসিফকে গ্রেফতার করা হয়েছে।
