ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক আলোচনা সভায় রাজনাথ সিং বলেন, ভবিষ্যতে পাকিস্তান থেকে কোনো সন্ত্রাসী হামলা হলে ভারত আগের চেয়েও কঠোর প্রতিক্রিয়া জানাবে। ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর এ বক্তব্যকে পাকিস্তানের বিরুদ্ধে আগ্রাসনের হুমকি হিসেবে বিবেচনা করছে ইসলামাবাদ। শুক্রবার (১৬ অক্টোবর) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান বলেন, রাজনাথ সিংয়ের মন্তব্যে পাকিস্তানের বিরুদ্ধে আগ্রাসনের হুমকি রয়েছে।
নয়াদিল্লিকে উসকানিমূলক বক্তব্য ও বিপজ্জনক বাগাড়ম্বর থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য ভারতের আধিপত্যবাদী মানসিকতার পরিচয় দেয় এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করে। পাকিস্তানের ভূখণ্ডগত অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সাজ্জাদ হায়দার খান বলেন, যেকোনো ধরনের আগ্রাসন মোকাবিলায় পাকিস্তান প্রস্তুত। দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত এলে কঠোর জবাব দেওয়া হবে।
পেহেলগাম হামলার পর সংঘাতে জড়ায় দুই দেশ ২০২৫ সালের ২২ এপ্রিল ভারতের জম্মু-কাশ্মিরের অনন্তনাগ জেলার পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। এ ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। নয়াদিল্লির অভিযোগ ছিল, হামলার সঙ্গে পাকিস্তানি সন্ত্রাসীরা জড়িত। তবে ইসলামাবাদ এ অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানায়। পরবর্তী সময়ে পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর দুই দেশের মধ্যে সামরিক সংঘাত শুরু হয়। পাকিস্তানের দাবি, ভারত বিনা উসকানিতে এ হামলা চালিয়েছিল।
পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশী দেশের মধ্যে চলা সংঘাতের অবসান ঘটে ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির মাধ্যমে।সংযমকে দুর্বলতা না ভাবার বার্তা সংঘাতের প্রসঙ্গ টেনে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, নিজেদের ভূখণ্ডগত অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় পাকিস্তান ইতোমধ্যে সক্ষমতা ও দৃঢ় সংকল্পের পরিচয় দিয়েছে। এ বিষয়ে কোনো ধরনের সংশয় থাকা উচিত নয়।
তিনি আরও বলেন, পাকিস্তানের সংযম এবং শান্তির প্রতি অঙ্গীকারকে দুর্বলতা হিসেবে দেখা ঠিক হবে না। যেকোনো অবিবেচনাপ্রসূত আগ্রাসনের মুখে দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায় পাকিস্তান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
The post ভারতের প্রতিরক্ষামন্ত্রীকে কড়া জবাব দিলো পাকিস্তান appeared first on ভোরের চেতনা.
