স্টাফ রিপোর্টার, বাগেরহাট॥ সুন্দরবনের ভোলা নদী থেকে ২৩০ মেট্রিক টন কয়লাবোঝাই একটি কার্গো জাহাজ জব্দ করেছে বন বিভাগ। সোমবার জাহাজটি জব্দের সময় এর নয়জন কর্মীকে আটক করা হয়। অবৈধভাবে কয়লা পরিবহন ও সুন্দরবনে অনুপ্রবেশের অভিযোগে তাঁদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে বন বিভাগ।
জব্দ করা কার্গো জাহাজটির নাম হাসান ভান্ডারী। বন বিভাগ সূত্রে জানা গেছে, জাহাজটি মোংলার জয়মনি এলাকা থেকে কয়লা নিয়ে সুন্দরবনের ভেতর দিয়ে পাথরঘাটার দিকে যাচ্ছিল। বন বিভাগের টহল দল সুন্দরবনের ভোলা নদীতে জাহাজটিকে আটক করে।
জাহাজের শ্রমিক-কর্মচারীদের ভাষ্য, কার্গোটি ভাড়া করে পাথরঘাটার আমুয়া এলাকায় নেওয়া হচ্ছিল। তবে পরিবহন করা কয়লার বৈধ ক্রয়সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে না পারায় কয়লাসহ জাহাজটি জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মো. তরিকুল ইসলাম (৩৪), দুলাল হাওলাদার (৩৪), মো. সুমন তালুকদার (২১), মো. নূর নবী হোসেন (৪২), মো. এনায়েত করিম (৪০), মো. ওবায়দুল (২২), মো. মামুন (২২), মো. লায়েক মিয়া (৫০) ও মো. কবির হোসেন (৪৫)। তাঁদের বাড়ি বাগেরহাটের মোংলা ও মোরেলগঞ্জ, পিরোজপুরের ভান্ডারিয়া এবং ব্রাহ্মণবাড়িয়া জেলায়।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সরকারি বন সংরক্ষক মো. শরীফুল ইসলাম বলেন, বন কর্মকর্তা শ্যামা প্রসাদ রায় বাদী হয়ে পৃথক দুটি মামলা করেছেন। জব্দ করা কয়লা ও আটক ব্যক্তিদের শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, জব্দ করা ২৩০ মেট্রিক টন কয়লার আনুমানিক বাজারমূল্য ৫০ লাখ টাকা।
ধারণা করা হচ্ছে, মোংলার জয়মনি এলাকায় নোঙর করে থাকা একটি মাদার ভেসেল (বড় পণ্যবাহী জাহাজ) থেকে কয়লাগুলো অবৈধভাবে খালাস করা হয়েছে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি বন বিভাগ।
The post সুন্দরবনে ২৩০ টন কয়লাসহ কার্গো জাহাজ জব্দ, ৯জন আটক appeared first on লোকসমাজ.
