জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগরে নিজস্ব বালু বিক্রয়কেন্দ্রে হামলা ও মারধরের অভিযোগ তুলে সুষ্ঠু বিচার, নিরপেক্ষ তদন্ত এবং পরিবারের নিরাপত্তা দাবি করেছেন ব্যবসায়ী শফিকুল ইসলাম ওরফে খোকা। এ ঘটনায় তিনি,তার ছেলে ও দুই ভাই আহত হয়েছেন বলে দাবি করেছেন। একই সঙ্গে হামলার ঘটনায় তাঁদের পরিবারের বিরুদ্ধে মামলা এবং তার এক ছেলেকে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তিনি।
রোববার(১১ অক্টোবর) বিকেল ৫টার দিকে জীবননগর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে পোস্ট অফিসের সামনে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ ও দাবি তুলে ধরেন শফিকুল ইসলাম খোকা।
লিখিত বক্তব্যে তিনি বলেন,গত মঙ্গলবার(৬ অক্টোবর)সকাল সাড়ে ৯টার দিকে তার বালু বিক্রয়কেন্দ্রে অতর্কিত হামলার ঘটনা ঘটে। এ সময় বাঁকা গ্রামের সফি ড্রাইভার,রাকিব হোসেন,কুতুব আলী, রফিকুল ইসলাম ও বিশ্বাসসহ কয়েকজন রড,মোটরসাইকেলের চেইন ও লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ করেন তিনি।এতে রডের আঘাতে তার মাথা ফেটে যায়।
খোকা আরও অভিযোগ করেন,তিনি মাটিতে পড়ে গেলে তাকে রক্ষা করতে ছেলে জাহিদুল ইসলাম ইভন,ভাই শরিফুল ইসলাম ও শিমুল এগিয়ে আসেন। এ সময় তাদের ওপরও হামলা চালানো হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে যশোর সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনি দুই দিন চিকিৎসাধীন ছিলেন। তার দাবি,মাথার দুটি স্থানে মোট পাঁচটি সেলাই দিতে হয়েছে।
সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম বলেন,হামলায় আহত হওয়ার পরও তাদের পরিবারের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং তার এক ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। এতে তারা ন্যায় বিচার পাওয়া নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
তিনি প্রশাসন ও পুলিশের কাছে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত,হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ,তাদের পরিবারের বিরুদ্ধে করা মামলার নিরপেক্ষ তদন্ত এবং পরিবারের সদস্য ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
সাংবাদিকদের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন,ঘটনার প্রকৃত চিত্র তুলে ধরে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সাংবাদিকেরা ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদী। পাশাপাশি শান্তিপূর্ণ পরিবেশে ব্যবসা পরিচালনার নিশ্চয়তাও দাবি করেন তিনি।
এ ব্যাপারে অভিযুক্ত পরিবারের পক্ষ থেকে তাহাদের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করে বলা হয়,শফি একজন পাওয়ার টিলার চালক।শফি পাওয়ার টিলার মালিকের কথামত ঘটনার দিন সকালে খোকা মিয়াকে বালু দিতে যাই। সেখানে গাড়ী থামানোর সাথে সাথে বিনা উস্কানিতে শফিকে মা-বাবা তুলে অকথ্য ভাষায় গালিগালাজ করে।শফি তাকে গালিগালাজ করতে নিষেধ করাই খোকা মিয়া আমার প্রতি ক্ষিপ্ত হয় এবং বেধড়ক মারপিট শুরু করে।এ ঘটনার সময় শফির সাথে থাকা তার ছেলে,ভাইসহ অন্যান্যরা প্রতিবাদ করলে খোকা মিয়াসহ তার ভাই ও ছেলেরা তাদেরকে দুই দফায় মারপিট করে রক্তাক্ত গুরুতর জখম করে।এ ঘটনায় উভয়পক্ষ থানায় মামলা করে এবং দু’পক্ষেরই লোকজন আটক করে পুলিশ আদালতে সোপর্দ করে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ(তদন্ত)আতিয়ার রহমান বলেন,ঘটনার ব্যাপারে পৃথক দু’টি মামলা হয়েছে এবং দু’পক্ষের আসামি ধরে আদালতে চালান করা হয়েছে।
The post জীবননগরে বালু বিক্রিকে কেন্দ্র করে হামলার অভিযোগ, বিচার দাবি ব্যবসায়ী খোকার appeared first on সকালের খবর ২৪.
