হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ রিপার ড্রোন শনাক্ত করে ধ্বংস করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। মঙ্গলবার ভোরে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি।
আইআরআইবির প্রতিবেদনে বলা হয়, আইআরজিসির মহাকাশ বাহিনী পরিচালিত একটি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ড্রোনটি ভূপাতিত করে। এই ব্যবস্থা ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষাব্যবস্থার আওতায় পরিচালিত হয়।
তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া গেছে কি না, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। ড্রোনটি ভূপাতিত হওয়ার বিষয়ে ইরানের দাবিও স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
