নিজস্ব প্রতিবেদক · ১৩ অক্টোবর, ২০২৬ ২:২০ অপরাহ্ন
জীবনে সফল হতে হলে চেষ্টা করতে হয়। আর চেষ্টা করতে গেলে ভুল কিংবা ব্যর্থতা আসতেই পারে। তবে ব্যর্থতা মানেই সব শেষ নয়; বরং ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে শুরু করার মধ্যেই লুকিয়ে থাকে সাফল্যের সম্ভাবনা। ব্যর্থতার ভয় কাটিয়ে মানুষকে নতুন কিছু করার সাহস জোগাতে আজ ১৩ অক্টোবর পালিত হচ্ছে বিশ্ব ব্যর্থতা দিবস।
ব্যর্থতাকে সাধারণত নেতিবাচকভাবে দেখা হয়। কোনো কাজে প্রত্যাশিত ফল না পেলে অনেকেই হতাশ হয়ে পড়েন। কেউ কেউ আবার নতুন করে চেষ্টা করার সাহসও হারিয়ে ফেলেন। অথচ ব্যর্থতার অভিজ্ঞতা মানুষকে নিজের ভুল বুঝতে, সীমাবদ্ধতা চিহ্নিত করতে এবং পরবর্তী পদক্ষেপ আরও ভালোভাবে নিতে সাহায্য করতে পারে।
ব্যর্থতার এই ইতিবাচক দিক তুলে ধরতেই দিবসটির সূচনা। ২০১০ সালে ফিনল্যান্ডের আল্টো বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী প্রথম এ দিবস পালনের উদ্যোগ নেন। তাদের লক্ষ্য ছিল, ব্যর্থ হওয়ার ভয়ে মানুষ যেন নতুন কোনো উদ্যোগ নিতে পিছিয়ে না যায়। একই সঙ্গে নিজেদের ব্যর্থতা নিয়ে খোলামেলা আলোচনা এবং সেখান থেকে শিক্ষা নেওয়ার পরিবেশ তৈরি করাও ছিল তাঁদের উদ্দেশ্য।
ধীরে ধীরে দিবসটি অন্য দেশেও পরিচিতি পায়। ২০১২ সালের মধ্যে কয়েকটি দেশে দিবসটি পালিত হতে শুরু করে। এরপর থেকে প্রতিবছর ১৩ অক্টোবর ব্যর্থতার ভয় কাটিয়ে নতুন কিছু করার অনুপ্রেরণা দিতে দিবসটি পালন করা হচ্ছে।
দিবসটির অন্যতম উদ্দেশ্য হলো, ব্যর্থতাকে লুকিয়ে রাখার বিষয় হিসেবে না দেখে শেখার একটি অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করা। এ উপলক্ষে মানুষকে নিজেদের ব্যর্থতার গল্প অন্যদের সঙ্গে ভাগ করে নিতে উৎসাহিত করা হয়। এতে বোঝা যায়, ব্যর্থতা জীবনের স্বাভাবিক অংশ। গুরুত্বপূর্ণ হলো, সেই অভিজ্ঞতা থেকে কী শেখা গেল এবং কীভাবে নতুন উদ্যমে সামনে এগিয়ে যাওয়া যায়।
কোনো উদ্যোগ প্রত্যাশা অনুযায়ী সফল না হলে তার কারণ খুঁজে বের করা, ভুলগুলো সংশোধন করা এবং আবার চেষ্টা করার মানসিকতা গড়ে তোলাই এ দিবসের মূল বার্তা। কারণ, সাফল্যের পথে বাধা আসতে পারে, পরিকল্পনা ব্যর্থ হতে পারে, কিন্তু একটি ব্যর্থ অভিজ্ঞতাই যে পরবর্তী সাফল্যের ভিত্তি তৈরি করতে পারে, তা ভুলে গেলে চলবে না।
বিশ্ব ব্যর্থতা দিবস তাই শুধু ব্যর্থতার কথা মনে করার দিন নয়; বরং ব্যর্থতার ভয় পেছনে ফেলে নতুন করে শুরু করার সাহস অর্জনেরও দিন।
গুগলে আমাদের খবর পেতে
