শেখ মানিক:
নরসিংদীর শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকার নিচে পিষ্ট হয়ে মোঃ ছাব্বির মিয়া (১৯) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার শিবপুর কলেজ গেইট ওভার ব্রিজের পশ্চিম পাশে এ দুর্ঘটনাটি ঘটে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত ছাব্বির মিয়া উপজেলার মাছিমপুর ইউনিয়নের ধানুয়া গ্রামের মোঃ মাসুদ মিয়া ও তাছলিমা বেগমের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে একটি ট্রলিতে ওঠেন ছাব্বির। ট্রলিটি শিবপুর কলেজ গেইট ওভার ব্রিজের পশ্চিম পাশে পৌঁছালে তিনি আকস্মিকভাবে গাড়ি থেকে নিচে ছিটকে পড়েন। এ সময় দ্রুতগতির ট্রলির চাকা তার ওপর দিয়ে চলে গেলে তিনি পিষ্ট হয়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক তাকে নরসিংদী সদর হাসপাতালে প্রেরণের পরামর্শ দেন। পরে নরসিংদী নেওয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
