ইরানের বিরুদ্ধে ভবিষ্যতে আরও বড় ধরনের পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৪ অক্টোবর) এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
মঙ্গলবার আলাস্কা অঙ্গরাজ্যের ওয়াসিলায় আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন উপলক্ষে আয়োজিত এক নির্বাচনী জনসভায় ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নেয়, তা দেখতে সবাইকে অপেক্ষা করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, সেটিই মার্কিন প্রশাসনের মূল লক্ষ্য।
একটি প্রতিবেদনের বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ও ইসরায়েলের অভ্যন্তরীণ নির্বাচনের আগেই ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর বিষয়ে আলোচনা করেছেন। মার্কিন কর্মকর্তা ও সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য সামনে এসেছে।
যদিও ট্রাম্প প্রকাশ্যে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে তিনি ইরানে নতুন কোনো হামলা চালাবেন না, তবে এ বিষয়ে দুই নেতার মধ্যে গোপন আলোচনা হয়েছিল বলে জানা গেছে।
