নিজস্ব প্রতিবেদক
যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)। রোববার বেনাপোল আইসিপি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপির একটি টহলদল সীমান্ত এলাকায় বিশেষ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়। এ সময় চোরাকারবারীদের ফেলে যাওয়া ৪৬ বোতল বিদেশী মদ, ২৭টি শাড়ী, ৫টি ভারতীয় ওষুধ এবং ১৯১টি বিভিন্ন ধরনের কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৭ হাজার ৭৫০ টাকা।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী নিয়মিত গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বিজিবি টহলদল নিয়মিত অভিযান চালিয়ে সীমান্ত থেকে এসব অবৈধ পণ্য জব্দ করতে সক্ষম হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, সীমান্তে যেকোনো ধরণের চোরাচালান ও অপতৎপরতা রুখতে বিজিবির এই কঠোর আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
