কালবেলা · রাজনীতি
পুনর্গঠিত কমিটিতে এনসিপির ৭ পদ বিলুপ্ত
২৩/১০/২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১৯৫ সদস্যের পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটি প্রকাশ করা হয়েছে। নতুন কমিটিতে সাতটি সাংগঠনিক পদ বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে দলের গুরুত্বপূর্ণ কয়েকটি পদে রদবদল আনা হয়েছে।
নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহকে পদোন্নতি দিয়ে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে পুনর্গঠিত কমিটি প্রকাশ করা হয়।
বিলুপ্ত হওয়া পদগুলো হলো- মুখ্য সমন্বয়ক, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, মুখপাত্র, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক, সংগঠক ও যুগ্ম মুখ্য সমন্বয়ক। আগের কমিটিতে এসব পদে দায়িত্ব পালন করছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও আবদুল হান্নান মাসউদসহ অন্য নেতারা।
নতুন কমিটিতে আগের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব এবং জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব নাহিদা সারোয়ার নিভাকে করা হয়েছে যুগ্ম সদস্যসচিব। তবে নতুন কমিটিতেও দুজন করে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব রয়েছেন।
পুনর্গঠিত কমিটিতে ২৪ জনকে যুগ্ম আহ্বায়ক এবং ছয়জনকে যুগ্ম সদস্যসচিব করা হয়েছে। আগের কমিটিতে সম্পাদকীয় পদ না থাকলেও এবার ৩২টি সম্পাদকীয় পদে দায়িত্ব দেওয়া হয়েছে। এসব পদের সঙ্গে এক বা দুজন করে সহ-সম্পাদক রয়েছেন। এ ছাড়া কমিটিতে আরও ১৯ জন সহ-সম্পাদক, ৫৮ জন সদস্য এবং ১১ জন সাংগঠনিক সম্পাদক রয়েছেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি ২১৭ সদস্যের কমিটি নিয়ে যাত্রা শুরু করে এনসিপি। পরে বিভিন্ন সময়ে কমিটিতে সংযোজন-বিয়োজন করা হয়। নতুন কমিটিতে যুক্ত হয়েছেন গত এপ্রিলে দলটিতে যোগ দেওয়া অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি এ কে ফ্লোরা এবং বিএনপির বহিষ্কৃত নেতা ও এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকার। দুজনকেই যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া জাতীয় পার্টির সাবেক উপদেষ্টা তারেক এ আদেলকেও যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
মূল প্রতিবেদনে যান ↗