গণভোটের গণরায় উপেক্ষা, দুর্নীতি, চাঁদাবাজি, লুটতরাজ ও সরকারি প্রতিষ্ঠানে দলীয় লোক নিয়োগ ফ্যাসিবাদের পথে অগ্রসর হওয়ার লক্ষণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
বিজ্ঞাপন
গোলাম পরওয়ার অভিযোগ করেন, সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করে সাংবিধানিক পদসহ সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দলীয় লোক নিয়োগ দিচ্ছে। গণভোটে দেওয়া রায় উপেক্ষা করে সংখ্যাগরিষ্ঠতার জোরে রাষ্ট্র পরিচালনা করলে তা ফ্যাসিবাদের পথ তৈরি করবে।
তিনি বলেন, জামায়াতসহ ১১ দল গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আন্দোলন করছে। কিন্তু বিএনপি জুলাইয়ের চেতনাকে ধারণ করছে না বলেই গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা করছে।
বিজ্ঞাপন
সংস্কার না হলে প্রধানমন্ত্রী ফ্যাসিবাদী হবেন
সংবিধান সংস্কার প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, বিএনপি তাদের নোট অব ডিসেন্টের বিষয়ে অনড় থেকে রাষ্ট্র সংস্কারের বিরোধিতা করছে। তারা সংবিধান সংস্কারের পরিবর্তে সংশোধনের পথে হাঁটছে এবং ভিন্নমত গ্রহণে ছাড় দিতে পারছে না।
তিনি বলেন, গণভোটে প্রায় ৭০ শতাংশ ভোটার সংবিধান সংস্কারের পক্ষে রায় দিয়েছেন। সেই রায় উপেক্ষা করে জনগণকে পাশ কাটিয়ে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে। বর্তমান কাঠামো বহাল থাকলে ভবিষ্যতে যে প্রধানমন্ত্রীই ক্ষমতায় আসুন, তার ফ্যাসিবাদী হয়ে ওঠার আশঙ্কা থাকবে।
গোলাম পরওয়ার আরও বলেন, সরকার সংবিধান সংস্কার নিয়ে অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানান তিনি।
বিজ্ঞাপন
সরকারি প্রতিষ্ঠানে দলীয়করণের অভিযোগ
সরকারের বিরুদ্ধে সরকারি প্রতিষ্ঠান দলীয়করণের অভিযোগ তুলে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, সম্প্রতি সরকারি কর্মকমিশনেও (পিএসসি) হস্তক্ষেপ করা হয়েছে। চা খাওয়ার আমন্ত্রণ জানিয়ে পিএসসির চেয়ারম্যানসহ অন্য সদস্যদের পদত্যাগের কথা বলা হচ্ছে।
চব্বিশের আন্দোলনে শিক্ষার্থীরা দলীয়করণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। অথচ এখন সাংবিধানিক পদ, সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দলীয় লোক বসানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
বিজ্ঞাপন
জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসায় জামায়াত পাশে ছিল দাবি করে গোলাম পরওয়ার বলেন, জুলাইয়ের শহীদদের স্মৃতি সংরক্ষণে জামায়াত বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় বই প্রকাশ করেছে। অন্যদিকে সরকারের কোটি কোটি টাকা বরাদ্দ থাকা সত্ত্বেও এ ক্ষেত্রে কার্যকর উদ্যোগ নেই। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কর্মকর্তারা বেতন পাচ্ছেন না বলেও দাবি করেন জামায়াতের এই নেতা।
বিরোধীদলীয় নেতাকে অসম্মানের অভিযোগ
ওসমানী উদ্যানে আয়োজিত একটি অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতার যোগ না দেওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন গোলাম পরওয়ার। তিনি বলেন, অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে বিরোধীদলীয় নেতার নাম উল্লেখ না করা অসম্মানজনক। অথচ প্রতিমন্ত্রীদের নাম আমন্ত্রণপত্রে ছিল।
রুলস অব প্রেসিডেন্স অনুযায়ী, বিরোধীদলীয় নেতা পূর্ণমন্ত্রীর পদমর্যাদার অধিকারী উল্লেখ করে তিনি বলেন, যথাযথ সম্মান না দেওয়ার কারণে বিরোধীদলীয় নেতা অনুষ্ঠানে যাননি। এ বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকে অসত্য ও হাস্যকর আখ্যা দিয়ে নিন্দা জানান তিনি।
বিজ্ঞাপন
গোলাম পরওয়ার অভিযোগ করেন, সরকার দুর্নীতি ও দলীয়করণ নিয়ে বিরোধীদলের সমালোচনাকে রাষ্ট্রবিরোধী আখ্যা দিয়ে নিজেদের ব্যর্থতা আড়াল করার চেষ্টা করছে। বিরোধীদলের আন্দোলন উপেক্ষা করে সরকার এমন পরিস্থিতি তৈরি করছে, যা আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ তৈরি করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগ যা করতো এখন তাই করছে বিএনপি
বিএনপির কর্মকাণ্ডের সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, আওয়ামী লীগ অতীতে যেসব কাজ করেছে, বিএনপিও এখন সেসব করছে। জামায়াতের সংসদ সদস্য আমীর হামজাকে ওয়াজ মাহফিল করতে দেওয়া হচ্ছে না। লাখো ভোটে নির্বাচিত একজন সংসদ সদস্যকে ঠেকাতে না পেরে ওয়াজ মাহফিলের অনুমতি বাতিল করা হয়েছে।
তিনি বিএনপির নেতাদের তাফসির মাহফিল আয়োজনের আহ্বান জানিয়ে বলেন, আওয়ামী লীগও এ ধরনের কাজ করেছিল। রাজশাহীতে একটি সম্মেলন বন্ধ করে দেওয়ার প্রসঙ্গ টেনে তিনি বিএনপিকে ফ্যাসিবাদের পথ থেকে ফিরে আসার আহ্বান জানান।
বিজ্ঞাপন
মাদরাসার পরিচালনা কমিটি ভেঙে দেওয়ারও সমালোচনা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তার অভিযোগ, দলীয় লোকদের বসানোর উদ্দেশ্যে প্রজ্ঞাপন জারি করে কমিটিগুলো ভেঙে দেওয়া হয়েছে। গত ১৭ বছর শেখ হাসিনা এ ধরনের পথ অনুসরণ করেছিলেন বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের জোট হয়নি
আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের জোট করার অভিযোগ নাকচ করে গোলাম পরওয়ার বলেন, জামায়াত আওয়ামী লীগের সঙ্গে কোনো জোট করেনি। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে জাতীয় পার্টি, বাম দলসহ বিভিন্ন দলের সঙ্গে আন্দোলন করেছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, ১৯৯৬ সালে বিএনপি ক্ষমতায় যেতে পারেনি তাদের গণবিরোধী অবস্থানের কারণে। বিএনপির কারণেই আওয়ামী লীগ সে সময় ক্ষমতায় এসেছিল। বিএনপি সরকারের আমলে মাগুরার নির্বাচন এবং শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ছাত্রশিবিরকে উৎখাত নিয়ে অভিযোগও তোলেন জামায়াতের এই নেতা।
সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার আরও অভিযোগ করেন, সরকারি বরাদ্দ থেকে বিরোধীদলের সংসদ সদস্যদের বঞ্চিত করা হচ্ছে এবং সংরক্ষিত নারী সংসদ সদস্যদের নির্বাচিত সংসদ সদস্যদের ওপর কর্তৃত্ব করার সুযোগ দেওয়া হচ্ছে। এসব কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে ভবিষ্যতে বিরোধীদলীয় নেতাকে নিয়ে অসত্য তথ্য প্রচার না করার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আবদুল হালিম ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এমইউ/একিউএফ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
