বিমানে বসে থাকা রাহুল গান্ধীর ছবি শেয়ার করে তুমুল আক্রমণ পদ্ম শিবিরের। বিজেপির দাবি, ভিয়েতনামে যাচ্ছেন লোকসভার বিরোধী নেতা। যদিও সংবাদ প্রতিদিন ভিডিওটির সত্যতা যাচাই করেনি। এই ছবি শেয়ার করেই বিজেপির খোঁচা, ‘মিথ্যে ছড়িয়ে’ ক্লান্ত হয়ে রাহুল এবার পাড়ি দিচ্ছেন বিদেশে। সম্প্রতি এসআইআর বিতর্ককে কেন্দ্র করে ককরোচ জনতা পার্টির পাশাপাশি কংগ্রেস-সহ বিরোধীরা আন্দোলনে নেমেছে। সেই প্রতিবাদের পরই রাহুল বিদেশে যাচ্ছেন আরাম করতে, এমনটাই বলতে চাইছে গেরুয়া শিবির।
পোস্টে রাহুলের বয়ানেই একটা সংলাপ তৈরি করে লিখে দেওয়া হয়েছে। বিজেপি ভিডিওটি শেয়ার করে লিখেছে, ‘মিথ্যা ছড়াতে ছড়াতে আমি ক্লান্ত… আমাকে কয়েকটা দিনের জন্য ভিয়েতনামে ঘুরে বেড়াতে দাও না… কে-ই বা জানতে পারবে!’ ভিডিওটিতে নীল টিশার্ট পরিহিত এক ব্যক্তিকে দেখা যাচ্ছে। আরেকজন যাত্রীর ক্যামেরায় ধরা পড়া সেই ব্যক্তি রাহুল বলেই দাবি বিজেপির। এমনকী, ভিডিওয় এক সহযাত্রীকে আরেকজনকে বলতে শোনা যাচ্ছে, বসে থাকা লোকটি রাহুলই।
”झूठ फैलाते-फैलाते थक गया… कुछ दिन वियतनाम घूम आता हूं… किसी को क्या ही पता चलेगा! ”
— BJP (@BJP4India) October 19, 2026
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, বিদেশ সফরে যেতে কয়েকদিনের ছুটি নিয়েছেন রাহুল। প্রতিবেদনে আরও বলা হয়েছে, তাঁর ভিয়েতনামে চার দিন থাকার কথা রয়েছে। এদিকে বিজেপির খোঁচার পালটা দিয়েছে কংগ্রেসও। ‘রচনাত্মক কংগ্রেস’-এর চেয়ারপার্সন সন্দীপ দীক্ষিত বলছেন, “রাহুল গান্ধীর একটি ব্যক্তিগত জীবন আছে। এছাড়া বিরোধী দলনেতা হিসেবে তাঁর নিজস্ব কিছু দায়িত্বও রয়েছে। তিনি যখনই বিদেশ সফরে যান, তখনই কোনও না কোনও গঠনমূলক কাজ করেন। কখনও তিনি ইয়েল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেছেন, আবার কখনও বুদ্ধিজীবীদের সঙ্গে আলোচনা করতেও দেখা গিয়েছে তাঁকে। তিনি সবসময় এমন কিছু করেন যা দেশের উপকারে আসে।” সেই সঙ্গেই নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও খোঁচা দিয়ে সন্দীপকে বলতে শোনা গিয়েছে, ”রাহুল গান্ধী তো সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। আমাদের প্রধানমন্ত্রী কি তা করেন?”
