খুলনা গেজেট অক্টোবর ১৭, ২০২৬ ১১:১২ অপরাহ্ণ
‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’—বাউলসম্রাট লালন শাহের এই চিরন্তন দর্শনকে ধারণ করে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী লালনমেলা ও আলোচনা অনুষ্ঠান। লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে লালন একাডেমি চত্বরে আয়োজিত এ মেলা চলবে আগামী ১৯ অক্টোবর পর্যন্ত। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে লালন একাডেমির সভাপতি ও কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এছাড়া গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. জাহেদ উর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী বলেন, লালনের দর্শন আমাদের মানবতা, সাম্য, অসাম্প্রদায়িকতা ও সম্প্রীতির শিক্ষা দেয়।
তিনি কুষ্টিয়ায় একটি ‘লালন নগরী’ প্রতিষ্ঠার উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, লালনের স্মৃতি ও দর্শনকে কেন্দ্র করে এ অঞ্চলকে বিশ্বমঞ্চে আরও আকর্ষণীয় করে তোলা হবে। একই সঙ্গে গড়াই-মধুমতী নদীতে নৌকাবাইচসহ দেশীয় লোকসংস্কৃতি পুনরুজ্জীবিত করতে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি।
গেস্ট অব অনারের বক্তব্যে উপদেষ্টা ড. জাহেদ উর রহমান বলেন, লালন শাহের দর্শন বিশ্বমানবতার সম্পদ। বর্তমান বিশ্বে বিভাজন ও সংঘাতের প্রেক্ষাপটে তাঁর মানবতাবাদী দর্শন অত্যন্ত প্রাসঙ্গিক।
তিনি লালনগীতির স্বরলিপি প্রণয়ন, সংরক্ষণ ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ভাষায় অনুবাদের ওপর জোর দেন।
অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মোছা. ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম এবং সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ‘লালন শাহের তিরোধান ও তার সাংস্কৃতিক উত্তরাধিকার’ শীর্ষক বিষয়ে মূল আলোচনা উপস্থাপন করেন প্রাবন্ধিক ড. রশিদুন্নবী।
আলোচনা সভা শেষে লালন একাডেমি প্রাঙ্গণে গভীর রাত পর্যন্ত চলে ঐতিহ্যবাহী লালনসংগীতের আসর।
খুলনা গেজেট/এএজে
