গাজীপুরের রাজেন্দ্রপুরে সাটিয়াবাড়ী বাজারে ময়লার স্তূপের পাশে পরিত্যক্ত হাত বোমা বিস্ফোরণে এক ব্যবসায়ীর হাতের চার আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাজারের নূর মডেল স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
আহত নূর মোহাম্মদ (৪৫) আসবাবপত্রের ব্যবসা করেন। তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় নূর মডেল স্কুলের সামনে ময়লার স্তূপের পাশে প্রস্রাব করতে যান নূর মোহাম্মদ। এ সময় সেখানে একটি বিস্ফোরকসদৃশ বস্তু দেখতে পান তিনি। বস্তুটি চিনতে না পেরে হাতে তুলে নেন।
পরে আশেপাশের লোকজনকে দেখিয়ে এক পর্যায়ে সেটির সেফটি পিন খুলে ফেলেন। এতে বিস্ফোরণ ঘটে তার এক হাত গুরুতর জখম হয়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে নিয়ে যায়।
এ ঘটনার পর শ্রীপুর থানার পুলিশ ও এসআরবিসহ বিভিন্ন গোয়েন্দা সংসার লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, পরিত্যক্ত অবস্থায় স্কচটেপ মোড়ানো বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে নূর মোহাম্মদ সেটি তুলে পিন খুলে ফেললে বিস্ফোরণ হয়। এতে তার হাত জখম হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
