Published : 16 Oct 2026, 06:45 PM
Updated : 16 Oct 2026, 06:45 PM
সাতক্ষীরার তালা উপজেলায় মাছ চুরি সন্দেহে এক ঘের ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সিরাজুল ইসলাম।
নিহত ক্ষিতীশ মণ্ডল (৫২) তালা সদর ইউনিয়নের জেয়ালা গ্রামের মৃত মনিন্দ্রনাথ মণ্ডলের ছেলে। তার নিজেরও চার বিঘা জমিতে মাছের ঘের রয়েছে।
চিকিৎসক সিরাজুল ইসলাম বলেন, “শুক্রবার সকাল ৮টায় ক্ষিতীশকে হাসপাতালে আনা হয়। তার মাথায় ক্ষত ছিল। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তিনি মারা যান।”
ক্ষিতীশের চাচাতো ভাই পার্থ মণ্ডল অভিযোগ করেন, উত্তর খোলা বিলে বিশ্বনাথ ঘোষের ঘের থেকে মাছ চুরির সন্দেহে ক্ষিতীশকে জেয়ালা শ্মশানঘাট এলাকায় একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়েও কোপানো হয়। এতে তার হাত-পা ভেঙে যায় এবং মাথায় আঘাত লাগে।
পার্থ মণ্ডলের দাবি, রাত থেকে ভোর পর্যন্ত ক্ষিতীশকে মারধর করা হয়। পরে শুক্রবার সকালে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
তিনি অভিযোগ করেন, বিশ্বনাথ ঘোষ, শিমুল ঘোষ, সমর ঘোষ, ইব্রাহিম খাঁ, হাবিবুর গাজী ও গফফার শেখসহ ১০ থেকে ১৫ জন এ ঘটনায় জড়িত ছিলেন।
পার্থ মণ্ডল বলেন, “ক্ষিতীশের নিজেরই চার বিঘা জমিতে মাছের ঘের রয়েছে। চুরির সন্দেহে একজন মানুষকে এভাবে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে মারা হলো। আমরা এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি চাই।”
তালা থানার ওসি মহসিন আলী বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।”
