দুই সপ্তাহ বন্ধ থাকার পর আংশিকভাবে চালু হয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর। তবে কার্যক্রম শুরুর দিনেই দেশটির বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের দাবি, রবিবার (২৫ অক্টোবর) রিয়াদের দিকে হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের পাশাপাশি দক্ষিণাঞ্চল লক্ষ্য করে আসা ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।
রবিবার ভোরে রিয়াদের আকাশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। বাসিন্দাদের মোবাইল ফোনে সম্ভাব্য আকাশপথের হামলা সম্পর্কে সতর্কবার্তাও পাঠানো হয়। পরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খামিস মুশাইত শহরের দিকে আসা একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার কথা জানায় সামরিক জোট।
এর আগে গত ১০ অক্টোবর হুথিদের হামলায় ১৩ জন নিহত ও তিন শতাধিক মানুষ আহত হওয়ার পর বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। শনিবার বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, রবিবার থেকে টার্মিনাল-১ দিয়ে অভ্যন্তরীণ এবং টার্মিনাল-২ দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা হবে। তবে পুনরায় চালুর দিনও ফ্লাইট চলাচল কতটা স্বাভাবিক ছিল, তা স্পষ্ট নয়।
এদিকে হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বিমানবন্দরটিকে এখনো সামরিক লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করে এয়ারলাইনস ও যাত্রীদের এটি ব্যবহার না করার হুঁশিয়ারি দিয়েছেন।
হুথিদের হামলার প্রভাব পড়েছে সৌদি আরবের জ্বালানি অবকাঠামো ও অন্যান্য স্থাপনাতেও। একই সময়ে ইয়েমেনের এডেন শহরে সৌদি-সমর্থিত বাহিনীর নিয়ন্ত্রণাধীন নৌঘাঁটি ও সামরিক শিবিরে হামলার দাবিও করেছে গোষ্ঠীটি। সূত্র: এএফপি, আল জাজিরা
