গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে রাজনীতিবিদদের পাশাপাশি সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষকসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের দায়িত্ব রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
তিনি বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে ভোটের মাধ্যমে সরকার গঠন এবং পরবর্তী সময়ে ভোটের মাধ্যমেই সরকার পরিবর্তনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এ ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে অন্যান্য বিষয়ও ধীরে ধীরে এগিয়ে যাবে।
শনিবার (২৪ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত ‘এমআরইউ মিডিয়া ডে’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আব্দুস সালাম বলেন, মাল্টিমিডিয়া সাংবাদিকদের সংগঠন গড়ে তোলার উদ্যোগ প্রশংসনীয়। সংগঠন থাকলে নানা ধরনের উপকার পাওয়া যায়। সাংবাদিকদের সংগঠিত হওয়ার পাশাপাশি নিজেদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে। প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। যত বেশি প্রশিক্ষণ নেওয়া যাবে, ততই দক্ষতা ও কাজের মান বাড়বে।
সাংবাদিকদের দায়িত্বের কথা তুলে ধরে ডিএসসিসি প্রশাসক বলেন, সমাজ ও রাষ্ট্রের প্রতি সবারই দায়িত্ব রয়েছে। রাজনীতিবিদদের যেমন দায়িত্ব আছে, তেমনি সাংবাদিক, ব্যবসায়ী ও শিক্ষকদেরও দায়িত্ব রয়েছে। সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলে স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য এত বছর পরও নতুন করে লড়াই করতে হতো না।
তিনি বলেন, বারবার ২০২৪ সালের গণঅভ্যুত্থান, ১৯৯০ সালের গণঅভ্যুত্থান কিংবা অতীতের বিভিন্ন ঘটনার জন্য অপেক্ষা না করে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। এ জন্য রাজনৈতিক ব্যবস্থাকেও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া জরুরি।
আব্দুস সালাম বলেন, একটি নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত হয়েছে। বিরোধী দল সরকারের সমালোচনা করবে, এটি স্বাভাবিক। তবে সমালোচনা করার ক্ষেত্রেও দায়িত্বশীল হতে হবে। এমন কোনো পরিস্থিতি তৈরি করা উচিত নয়, যাতে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হয় এবং দেশ আবার পেছনের দিকে ফিরে যায়।
সাংবাদিকদের সংবাদ পরিবেশনের বিষয়ে তিনি বলেন, বর্তমানে একটি সংবাদ মুহূর্তের মধ্যেই বাংলাদেশ ছাড়িয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়তে পারে। তাই সংবাদ প্রকাশের আগে এর প্রভাব সম্পর্কে সচেতন থাকতে হবে। একটি সংবাদ ইতিবাচক বা নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। সাংবাদিকদের ভাবতে হবে, তাদের প্রকাশিত সংবাদ সমাজে কী ধরনের প্রভাব ফেলবে।
তিনি আরও বলেন, সাংবাদিকদের অনেক সময় সরাসরি ঘটনাস্থলে গিয়ে সংবাদ সংগ্রহ ও ছবি তুলতে হয়। ফলে তাদের ঝুঁকিও বেশি। এ কারণে সাংবাদিকদের আরও সচেতন, নির্ভুল ও দায়িত্বশীল হওয়ার পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষতা বাড়াতে হবে।
আব্দুস সালাম বলেন, একটি ছবি ইতিহাস রচনা করতে পারে। সাংবাদিকদের তোলা ছবি ও প্রকাশিত সংবাদ একসময় আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও গুরুত্ব পেতে পারে। তাই নিজেদের মেধা ও মননের বিকাশ ঘটিয়ে এই খাতকে আরও এগিয়ে নিতে হবে।
এএসএস/এমএন
