ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত থেকে ১২ কোটি ৩ লাখ ৮৪ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।
বুধবার (১৪ অক্টোবর) ভোররাতে উপজেলার ভাগলপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৫ হাজার ৪৮টি ডিসপ্লে জব্দ করা হয়।
বুধবার দুপুরে সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আলীনগর বিওপির টহলদল সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয়। এ সময় ২৫ থেকে ৩০ জনের একটি দল ভারত থেকে চোরাচালানি মালামালের কার্টন নিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এ অবস্থায় বিজিবি সদস্যরা ধাওয়া করলে চোরাকারবারিরা মালামালগুলো ফেলে পালিয়ে যায়। পরে কার্টনগুলো থেকে ১৫ হাজার ৪৮ পিস ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১২ কোটি ৩ লাখ ৮৪ হাজার টাকা।
প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, গত এক বছরে সরাইল ২৫ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে মাদকসহ মোট ১২৯ কোটি ৩ লাখ ৭২ হাজার ৮৭৪ টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। এ সময় ২৫ জনকে আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় সোপর্দ করা হয়েছে।
কর্নেল জাব্বার আহমেদ জানান, জব্দকৃত চোরাচালানির পণ্য আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম চলছে। চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
