টাঙ্গাইলের করোটিয়ার খুদিরামপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গরুবাহী পিকআপে ডাকাতির চেষ্টাকালে ৯টি গরুসহ পিকআপ উদ্ধার করেছে মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে পুলিশ। এ ঘটনায় মিজান (৫০) নামে ৩৪ মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) হাইওয়ে পুলিশের মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৫ অক্টোবর রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে টাঙ্গাইল সদর থানার করোটিয়ার খুদিরামপুর এলাকায় ঢাকাগামী মহাসড়কে এ ঘটনা ঘটে। এ সময় একটি সাদা মাইক্রোবাসে করে আসা ৫ থেকে ৬ জনের একটি ডাকাত দল নীল রঙের গরুবাহী পিকআপটির (ঢাকা মেট্রো-ন-২২-০৫৫৯) গতিরোধ করে ডাকাতির চেষ্টা করে।
ডাকাত দলের সদস্যরা পিকআপে থাকা চারজনের মধ্যে তিনজনকে নামিয়ে দেয়। অপর ব্যক্তিকেও নামানোর জন্য তারা ধস্তাধস্তি করতে থাকে। এ সময় মহাসড়কে টহলরত হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করে। পুলিশ এ সময় একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। অন্য সদস্যরা মাইক্রোবাস নিয়ে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে ৯টি গরুসহ পিকআপটি উদ্ধার করে জব্দ করা হয়। পলাতক ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার মিজান একজন চিহ্নিত অপরাধী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে দস্যুতা, ডাকাতি, হত্যা ও অন্যান্য গুরুতর অপরাধের মোট ৩৪টি মামলা রয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
