দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার কারণেই ইশরাক হোসেনকে অস্ত্র হাতে মাঠে নামতে হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। মাদক, চাঁদাবাজি, গুম, খুন ও ধর্ষণের মতো অপরাধ প্রতিরোধে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যকর ভূমিকা নেই বলেও দাবি করেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আখতার হোসেন।
তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। বিভিন্ন স্থানে মাদক, চাঁদাবাজি, গুম, খুন ও ধর্ষণের ঘটনা ঘটছে। ইশরাক-কাণ্ডের মধ্য দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা আবারও সামনে এসেছে।
আখতার হোসেনের দাবি, দেশে মাদক নির্মূলে কাজ করা সংস্থাগুলো কার্যত অকার্যকর হয়ে পড়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও কার্যকর ভূমিকা রাখতে পারছে না। সীমান্ত দিয়ে মাদক প্রবেশ প্রতিরোধেও যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
ইশরাক হোসেনের পদত্যাগের মধ্য দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে—সরকারের এমন কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না বলেও মন্তব্য করেন এনসিপির সদস্য সচিব। একই সঙ্গে ইশরাকের পদত্যাগের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।
আখতার হোসেন বলেন, ইশরাকের পদত্যাগের ঘটনা কি শুধু অস্ত্র সামনে আনার বিষয়, নাকি এর সঙ্গে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলেরও সম্পর্ক রয়েছে, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সীমান্ত সুরক্ষিত করতে হবে, যাতে অবৈধ মাদক দেশে প্রবেশ করতে না পারে। শুধু লোকদেখানো পদক্ষেপ বা ইশরাকের পদত্যাগের মধ্য দিয়ে পরিস্থিতির উন্নতি সম্ভব নয়। স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।
এমএম/
