নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে বালু তুলতে গিয়ে নৌকা ডুবে এমদাদুল হক (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে পৌর শহরের বিরিশিরি ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা। এর আগে সকালে মায়ের সঙ্গে নদীতে বালু তুলতে গিয়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হন তিনি।
নিহত এমদাদুল হক দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের চৈতাটি গ্রামের মৃত ইসমত আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ফজরের আজানের পর মা রোকেয়া খাতুনকে সঙ্গে নিয়ে ছোট একটি নৌকায় করে সোমেশ্বরী নদীতে বালু তুলতে বের হন এমদাদুল। তারা বিরিশিরি ঘাট এলাকায় পৌঁছালে নদীতে থাকা একটি বাঁশের খুঁটির সঙ্গে নৌকাটির ধাক্কা লাগে। এতে নৌকাটি ডুবে যায়। এ সময় রোকেয়া খাতুন সাঁতরে নদীর তীরে উঠতে পারলেও এমদাদুল পানিতে তলিয়ে যান।
খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে ময়মনসিংহ থেকে ডুবুরি দল এসে নদীতে তল্লাশি চালায়। একপর্যায়ে নদীর তলদেশ থেকে এমদাদুলের মরদেহ উদ্ধার করা হয়।
দুর্গাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মজিবুর রহমান বলেন, নদীর তলদেশ থেকে এমদাদুলের মরদেহ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, নৌকাটিতে মা ও ছেলে দুজনই ছিলেন। মায়ের সামনেই ছেলে পানিতে তলিয়ে যান। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ক্যাপশন: নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে নৌকাডুবির ঘটনায় এমদাদুল হক নামে এক বালু শ্রমিকের মৃত্যু হয়েছে।
