কালবেলা · সাধারণ
‘হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন বরদাশত করা হবে না’
১৯/১০/২০২৬

গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বলেছেন, বিগত সরকারের সময় গোপালগঞ্জ ১, ২ ও ৩ আসনে কখনোই ভোটের মাধ্যমে এমপি হতে হয়নি। আমি এমপি হয়ে হিন্দু সম্প্রদায়ের ওপর কোনো ধরনের নির্যাতন কখনোই বরদাশত করব না। আমি আপনাদের ভাই, আপনাদের পরিবারেরই একজন সদস্য।
সোমবার (১৯ অক্টোবর) উপজেলার বহুগ্রাম ও খান্দারপাড়ার ইউনিয়নের বিভিন্ন সার্বজনীন দুর্গামন্দির পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন এবং দুর্গাপূজার সার্বিক পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় সংসদ সদস্য হিন্দু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের ওপর যেকোনো ধরনের নির্যাতন প্রতিরোধে দৃঢ় অবস্থানের কথা জানান।
তিনি সব ধর্মের মানুষের নিরাপত্তা, সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দুর্গাপূজা উদযাপনে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান।
মন্দির পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান, জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির, মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি আ. ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী।
এছাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি দিনেশ মন্ডলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন, মন্দিরের সার্বিক নিরাপত্তা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।
মূল প্রতিবেদনে যান ↗