Published : 17 Oct 2026, 11:41 PM
Updated : 17 Oct 2026, 11:58 PM
বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে শুরু হলো খেলা। ইশান কিষান ও নামান ধীরের ঝড়ো ব্যাটিংয়ে ১০০ ছাড়াল ভারত। কিন্তু আবার বৃষ্টির বাগড়ায় শেষ করা গেল না তাদের ইনিংস। ওয়েস্ট ইন্ডিজ তো ব্যাটিংয়ের সুযোগই পেল না।
বিরূপ আবহাওয়ায় পরিত্যক্ত হয়েছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের সিরিজ নির্ধারণী পঞ্চম টি-টোয়েন্টি। পাঁচ ম্যাচের সিরিজ শেষ হয়েছে ২-২ সমতায়।
এই ম্যাচ দিয়ে বেঙ্গালুরুর এম চিন্নাসোয়ামি স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ফেরে দুই বছর পর। বৃষ্টির পূর্বাভাস ছিল আগে থেকেই। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় ম্যাচ শুরুর কথা থাকলেও, বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস করাই সম্ভব হয়নি।
বৃষ্টি থামলে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৯ ওভারে। ভারত টস হেরে ব্যাটিংয়ে নেমে ৭.৪ ওভারে ৫ উইকেটে ১১৮ রান করার পর আবার বৃষ্টি নামায় আর খেলা সম্ভব হয়নি।
ম্যাচটি দিয়ে প্রায় চার বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও বোলিংয়ের সুযোগ পেলেন না ভারতের অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার।
প্রথম ওভারে একটি ছক্কা মেরেই বিদায় নেন আভিশেক শার্মা। তিন নম্বরে নেমে ঝড় তোলেন কিষান। দ্বিতীয় ওভারে রোমারিও শেফার্ডকে দুটি করে চার ও ছক্কা মারেন বাঁহাতি ব্যাটসম্যান। একটি ছক্কায় বল চলে যায় স্টেডিয়ামের বাইরে।
তিন চার ও দুই ছক্কায় ১০ বলে ৩০ রান করে ফেরেন কিষান।
ভারত পঞ্চাশ স্পর্শ করে ২.৫ ওভারে। এই সংস্করণে তাদের দ্রুততম দলীয় পঞ্চাশ এটি। এই সিরিজেই চতুর্থ ম্যাচে হায়দরাবাদে আগের দ্রুততম তিন ওভারে পঞ্চাশ ছুঁয়েছিল স্বাগতিকরা।
ওপেনার সাঞ্জু স্যামসন ৭ বলে ১৬ ও অধিনায়ক শ্রেয়াস আইয়ার ফেরেন ১৪ বলে ২২ রান করে।
ছয় নম্বরে ব্যাটিংয়ে নেমে দ্রুতই তিনটি ছক্কা ও একটি চার মারেন নামান ধীর। তিলাক ভার্মা ৭ রান করে আউট হওয়ার পরই বন্ধ হয়ে যায় খেলা। নামান অপরাজিত ছিলেন ৬ বলে ২৪ রান করে।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ৭.৪ ওভারে ১১৮/৫ (স্যামসন ১৬, আভিশেক ৬, কিষান ৩০, শ্রেয়াস ২২, তিলাক ৭, নামান ২৪*; পল ২-০-৩৪-২, শেফার্ড ১-০-২৪-০, শামার ১-০-১৮-১, মোটি ২-০-২৫-০, স্প্রিঙ্গার ১.৪-০-১৭-২)
ফল: ম্যাচ পরিত্যক্ত
সিরিজ: ৫ ম্যাচের সিরিজ ২-২ সমতায় শেষ
ম্যান অব দা সিরিজ: শেই হোপ
