নারায়ণগঞ্জের রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ের সময় রাজন (২৫) নামের এক চালককে ধারালো ছুরি দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছিনতাই হওয়া অটোরিকশাসহ ফয়সাল (২৪) ও জামাল মিয়া (৩০) নামে দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি রক্তমাখা ধারালো ছুরি উদ্ধার করা হয়। এছাড়া ছিনতাইকারীদের ধাওয়া করার সময় পুলিশের এক সদস্য আহত হয়েছেন।
রোববার (১১ অক্টোবর) দিনগত রাত ৩টার দিকে রূপগঞ্জ থানাধীন রূপসী বাগবাড়ি ব্রিজসংলগ্ন পাকা সড়কে এ ঘটনা ঘটে। নিহত রাজন রূপসী প্রধানবাড়ি এলাকার বাসিন্দা।
আটকরা হলেন- রূপগঞ্জের চনপাড়া এলাকার বাসিন্দা ফয়সাল (২৪) ও নোয়াখালীর করিমপুর এলাকার বাসিন্দা জামাল মিয়া (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে দুই ছিনতাইকারী রাজনকে ধারালো ছুরি দিয়ে গুরুতর আহত করে সড়কে ফেলে রেখে তার অটোরিকশাটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় টহলরত পুলিশ ছিনতাই হওয়া অটোরিকশিসহ দুই ছিনতাইকারীকে থামানোর চেষ্টা করলে তারা পুলিশের টহল গাড়িতে ধাক্কা দেয়। এতে এক পুলিশ সদস্য সড়কের পাশে ছিটকে পড়ে আহত হন।
পরে পুলিশ ও স্থানীয় লোকজন যৌথভাবে ধাওয়া করে তারাবো বিশ্বরোডসংলগ্ন ময়লার স্তূপের সামনে থেকে ছিনতাই হওয়া অটোরিকশাসহ ফয়সাল ও জামাল মিয়াকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে একটি রক্তমাখা ধারালো ছুরি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন।
গুরুতর আহত অবস্থায় রাজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম সালাউদ্দিন বলেন, এ ঘটনায় নিহতের পরিবার বা পুলিশের পক্ষ থেকে ছিনতাই ও হত্যার অভিযোগে নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত আসামিদের আদালতে পাঠানো হবে।
