কালবেলা · সাধারণ
নিখোঁজের এক দিন পর স্কুলছাত্র উদ্ধার
১১/১০/২০২৬

শেরপুরে নিখোঁজের এক দিন পর মহিবুল ইসলাম নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে শেরপুর কৃষি ইনস্টিটিউটের একটি ছাত্রাবাস থেকে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মহিবুল ইসলাম (১৫) নবারুণ পাবলিক স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী এবং কলেজশিক্ষক শাহীনুর ইসলাম ও ইফফাত আরা মুন দম্পতির দ্বিতীয় সন্তান।
পুলিশ ও তার পরিবার সূত্রে জানা গেছে, শনিবার স্কুলে না গিয়ে বাসায় ছিল মহিবুল। বিকেল ৪টার দিকে তাকে বাসায় রেখে বাইরে যান তার মা ইফফাত আরা মুন। পরে বাসায় ফিরে ছেলেকে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। রাত গভীর হলেও মহিবুল বাড়িতে না ফেরায় বিষয়টি পুলিশকে জানায় তার পরিবার।
এদিকে, মহিবুলকে অপহরণ করা হয়েছে দাবি করে একটি চক্র পরিবারের সদস্যদের ফোন দিয়ে টাকা দাবি করে বলেও অভিযোগ পাওয়া গেছে। ছেলের নিরাপত্তার কথা চিন্তা করে মহিবুলের বাবা কলেজ শিক্ষক শাহীনুর ইসলাম ওই চক্রের দেওয়া নম্বরে প্রাথমিকভাবে ২৪ হাজার টাকা পাঠান।
ঘটনাটি আমলে নিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশ। পরে আজ রোববার দুপুর আড়াইটার দিকে শেরপুর কৃষি ইনস্টিটিউটের একটি ছাত্রাবাস থেকে মহিবুলকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার বলেন, কয়েক দিন আগে মহিবুল নবম শ্রেণির দ্বিতীয় সাময়িক পরীক্ষায় অংশ নিয়েছিল। মূলত পরীক্ষার ফল খারাপ হওয়ার আশঙ্কার ভয়ে সে নিজেই আত্মগোপনে ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তিনি আরও বলেন, টাকা দাবি করা চক্রটির বিষয়ে মহিবুলের পরিবার থানায় অভিযোগ দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মূল প্রতিবেদনে যান ↗