মধ্যনগর প্রতিনিধি::
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১২টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিনু। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের হাতে অর্থ উপহার তুলে দেন তিনি। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবেও নিজের অবস্থানের কথা জানান মিনু।
সোমবার (২০ অক্টোবর) দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি সদর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় শতাধিক নেতাকর্মী তাঁর সঙ্গে ছিলেন। পূজামণ্ডপের আয়োজক, সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
পরিদর্শনকালে সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল লতিফ তালুকদারের পরিবারের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের হাতে অর্থ উপহার তুলে দেন মিজানুর রহমান মিনু। পাশাপাশি তিনি সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
শুভেচ্ছা বিনিময়কালে মিজানুর রহমান মিনু বলেন, শারদীয় দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত। ধর্ম-বর্ণ নির্বিশেষে ইউনিয়নের প্রতিটি মানুষ যেন শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে পারেন, সেটিই তাঁর প্রত্যাশা। মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখা সবার সম্মিলিত দায়িত্ব।
তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন, জনকল্যাণ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সবার সহযোগিতা প্রয়োজন। চাঁদাবাজি, দুর্নীতি ও পেশিশক্তির অপব্যবহারমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা, পারস্পরিক সহযোগিতা এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া জরুরি। এ সময় তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের আন্তরিক ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।
বক্তব্যে মিনু তাঁর বাবা সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল লতিফ তালুকদারের রাজনৈতিক ও সামাজিক অবদানের কথাও তুলে ধরেন। তাঁর ভাষ্য অনুযায়ী, তাঁর বাবা দুইবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তাঁর বড় ভাই আব্দুল কাইয়ুম মজনু তালুকদারও চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।
মিনু বলেন, তাঁর বাবা ন্যায়বিচার প্রতিষ্ঠা, ক্রীড়াঙ্গনের বিকাশ এবং তরুণদের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বাবার আদর্শ অনুসরণ করে এলাকার সামাজিক উন্নয়ন ও মানুষের কল্যাণে দীর্ঘমেয়াদে কাজ করতে চান তিনি।
পূজামণ্ডপ পরিদর্শন, অর্থ উপহার প্রদান ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ইউনিয়নে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন মিজানুর রহমান মিনু।
নিউজটি শেয়ার করুনঃ
