নাটোরে শারদীয় দুর্গাপূজা ঘিরে প্রতিমা বিসর্জন শেষ না হওয়া পর্যন্ত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মন্দির পাহারায় থাকার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, হিন্দু সম্প্রদায়সহ সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা তাদের দায়িত্ব।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের কদম সাতুরিয়া সর্বজনীন দুর্গা মন্দির পরিদর্শনকালে ভক্তদের উদ্দেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুইপ দুলু বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, সবাই মিলে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় এনেছেন। তাই হিন্দু সম্প্রদায়সহ সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, পূজা উদযাপন ও প্রতিমা বিসর্জন শেষ না হওয়া পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মন্দির পাহারা দেবেন। স্থানীয় সংসদ সদস্য হিসেবে এলাকার মানুষ ও সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করাকে নিজের নৈতিক দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।
মন্দিরগুলোতে সরকারি সহায়তার প্রসঙ্গ তুলে দুলু বলেন, তারেক রহমানের সরকার প্রতিটি মন্দিরে ৬০০ কেজি করে চাল অনুদান দিয়েছে। এর সঙ্গে সংসদ সদস্য হিসেবে ব্যক্তিগতভাবে আরও ২০০ কেজি চাল যুক্ত করে প্রতিটি মন্দিরে মোট ৮০০ কেজি করে চাল পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সাবিনা ইয়াসমিন ছবি, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, বিসিবি কাউন্সিলর ফারহাদ আলী দেওয়ান শাহীনসহ স্থানীয় নেতাকর্মী ও পূজারিরা।
