খুলনার হরিণটানা থানার জিরো পয়েন্ট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৬ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে এসআরবি (স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যৌথ দল
খুলনার হরিণটানা থানার জিরো পয়েন্ট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৬ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে এসআরবি (স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যৌথ দল। সাতক্ষীরা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব মাদক উদ্ধার করা হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
এসআরবি-৬-এর অধিনায়ক নিস্তার আহমেদ জানান, এসআরবি-৬ ও বিজিবি-২১ ব্যাটালিয়নের যৌথ দল জিরো পয়েন্ট বাসস্ট্যান্ড এলাকায় সাতক্ষীরা থেকে খুলনাগামী একটি বাসে তল্লাশি চালায়। এ সময় বাসে পরিত্যক্ত অবস্থায় ৬ কেজি ৫৯৭ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়।
নিস্তার আহমেদ আরও জানান, বিধি অনুযায়ী মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার করা আইস হরিণটানা থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হবে।
অপরদিকে খুলনা মহানগরীতে এক লাখ টাকা চুরির অপবাদ দিয়ে সাজমীর ইসলামকে পিটিয়ে হত্যার মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার দিবাগত রাতে খুলনার পৃথক জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন খানজাহান আলী থানার ফুলবাড়ীগেট এলাকার আকাশ (২২) এবং দৌলতপুর থানার সেনপাড়া এলাকার সাকিব (২১)।
এসআরবি-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খানজাহান আলী থানার মহেশ্বরপাশা ও ফুলবাড়ীগেট পুলিশ বক্সের সামনে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মহানগর পুলিশের (কেএমপি) খানজাহান আলী থানায় হস্তান্তর করা হয়।
মামলা সূত্রে জানা যায়, সাজমীর ইসলাম খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ক্যাম্পাসের পকেট গেটের সামনে অবস্থিত তন্বী স্টোর নামের একটি চায়ের দোকানে কাজ করতেন। গত ৬ সেপ্টেম্বর এক লাখ টাকা চুরির অপবাদ দিয়ে সাজমীরকে মারধর করেন তাঁরা। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে কুয়েট ক্যাম্পাসের মেডিকেলের সামনে ফেলে রেখে চলে যান তাঁরা। সেখান থেকে তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১০ সেপ্টেম্বর তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় সাজমীরের মা খানজাহান আলী থানায় হত্যা মামলা করেন।
