শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে টানা আট দিন পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আগামী ১৭ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ভারতের চ্যাংড়াবান্ধা বন্দরে ছয় দিন বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর সঙ্গে বাংলাদেশে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় বুড়িমারী স্থলবন্দরে মোট আট দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এএসএম নিয়াজ নাহিদ জানান, দুর্গাপূজা উপলক্ষে ভারতের চ্যাংড়াবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন ও কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশন ছয় দিন ব্যবসা-বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় ব্যবসায়ী সংগঠনগুলোর পক্ষ থেকে লিখিতভাবে বিষয়টি জানানো হয়েছে।
চ্যাংড়াবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অজয় কুমার সাহা এবং সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিকাশ কুমার সাহা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, দুর্গাপূজা শেষে ২৪ অক্টোবর থেকে দুই দেশের মধ্যে বাণিজ্য আবারো শুরু হবে। একই সময়ে ভারতের ট্রানজিট রুট ব্যবহার করে বুড়িমারী স্থলবন্দর দিয়ে নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশের আমদানি-রপ্তানি কার্যক্রমও বন্ধ থাকবে।
কালীপূজা ও ছটপূজাতেও বন্ধ থাকবে বাণিজ্য: চিঠিতে আরো জানানো হয়েছে, দুর্গাপূজার পর কালীপূজা উপলক্ষে ৮ থেকে ১০ নভেম্বর টানা তিন দিন এবং ছটপূজা উপলক্ষে ১৫ ও ১৬ নভেম্বর দুই দিন বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার মতলেবুর রহমান বলেন, দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় ব্যবসায়ীরা চিঠি দিয়ে বাণিজ্য বন্ধের বিষয়টি জানিয়েছেন। তবে স্থলবন্দরের শুল্ক বিভাগের দাপ্তরিক কার্যক্রম এবং যাত্রীদের জন্য ইমিগ্রেশন চালু থাকবে।
বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম বলেন, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চৌকি সার্বক্ষণিক খোলা থাকবে। বৈধ পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারবেন।
ফলে পূজার ছুটিতে স্থলবন্দর দিয়ে পণ্য পরিবহন ও বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে বৈধ পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতে কোনো বিঘ্ন ঘটবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সানা/আপ্র/১৬/১০/২০২৬
