সাকিবুল হাছান
রাজধানীর গুলশান এলাকায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার পাঁচজনের মধ্যে অন্যতম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদের বাসা থেকে বিপুল পরিমাণ টাকার চেক উদ্ধার করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও জনসংযোগ শাখার উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বুধবার (৩০ জুলাই) জানান, গ্রেফতার রিয়াদের নাখালপাড়ার বাসায় অভিযান চালিয়ে ২ কোটি ২৫ লাখ টাকার মূল্যের চারটি চেক এবং প্রায় ২০ লাখ টাকার এফডিআরের নথি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, ২৭ জুলাই গুলশানে শাম্মী আহমেদের বাসায় গিয়ে নিজেদের "সমন্বয়ক" পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে পাঁচ যুবক। শাম্মী আহমেদ তখন বাসায় না থাকায় তার স্বামীর কাছে দাবি জানানো হয়। ভয়ভীতি দেখিয়ে তারা ১০ লাখ টাকা আদায় করে। পরে আবার স্বর্ণালংকার সংগ্রহে বাসায় গেলে পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে।
এই ঘটনায় শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর গুলশান থানায় ছয়জনকে আসামি করে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, গত ১৭ জুলাই আব্দুর রাজ্জাক রিয়াদ ও কাজী গৌরব অপু প্রথমবার সমন্বয়কের পরিচয়ে বাসায় এসে হুমকি দিয়ে চাঁদা দাবি করেন। পরবর্তীতে ১৯ ও ২৬ জুলাই পুনরায় একই উদ্দেশ্যে আসেন তারা। রোববার (২৭ জুলাই) গ্রেফতারকৃতদের আদালতে হাজির করলে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
