চাঁদপুর : ভ্যানচালকের ছদ্মবেশে বিভিন্ন স্থানে মাদক আনা-নেওয়ার অভিযোগ উঠেছে মোহাম্মদ আলী মিজি (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাতে চাঁদপুর শহরের বকুলতলা এলাকায় বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের পরিচালিত মাদকবিরোধী অভিযানে চার পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। পরে তাকে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
চাঁদপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সাদ্দাম মাল ও জেলা যুবদলের সহসভাপতি এবং আসন্ন পৌরসভা নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী শাহনূর বেপারী শানু।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আটক আলী মিজি দীর্ঘদিন ধরে ভ্যানচালকের ছদ্মবেশে বিভিন্ন স্থানে মাদক আনা-নেওয়া করতেন বলে অভিযোগ রয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া গেলে তা দিয়ে বিস্তারিত জানা যাবে।
আটক মোহাম্মদ আলী মিজি চাঁদপুর শহরের পুরান বাজারের মধ্য শ্রীরামদী এলাকার মো. মন্নান মিজির ছেলে।
স্থানীয় বিএনপি নেতা মো. সাদ্দাম মাল বলেন, মাদক সমাজকে ধ্বংস করে দিচ্ছে। মাদকমুক্ত পরিবেশ গড়ে তুলতে হলে এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখতে হবে।
চাঁদপুর মডেল থানার এসআই গাজী কালাম ও এএসআই মো. আনোয়ার জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশনায় মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মাদকবিরোধী তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এরই অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
ফম/এস.পলাশ/এমএমএ/
