বলিউডের শীর্ষ তারকা অক্ষয় কুমারের বিপরীতে নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন কলকাতার অভিনেত্রী রুক্মিণী মৈত্র। কনিষ্ক ভার্মা পরিচালিত ‘শামুক’ নামের একটি অ্যাকশন থ্রিলার চলচ্চিত্রে অক্ষয়ের সঙ্গে জুটি বাঁধবেন তিনি। চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান সানশাইন পিকচার্স আনুষ্ঠানিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে রুক্মিণীর যুক্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছে। প্রযোজনা সূত্রের বরাতে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে সিনেমাটি ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
‘শামুক’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছেন বিপুল অমৃতলাল শাহ ও আসীন এ শাহ। এই চলচ্চিত্রের মাধ্যমে দীর্ঘ ১২ বছর পর আবারও একসঙ্গে কাজ করছেন অভিনেতা অক্ষয় কুমার ও প্রযোজক বিপুল অমৃতলাল শাহ। এর আগে ‘হলিডে: আ সোলজার ইজ নেভার অফ ডিউটি’, ‘নমস্তে লন্ডন’, ‘অ্যাকশন রিপ্লে’ এবং ‘ওয়াক্ত: দ্য রেস অ্যাগেইনস্ট টাইম’-এর মতো প্রশংসিত চলচ্চিত্রে তাঁরা একসঙ্গে কাজ করেছিলেন। বর্তমানে যুক্তরাজ্যের বিভিন্ন লোকেশনে সিনেমাটির দৃশ্যধারণের কাজ পুরোদমে চলছে।
হিন্দি সিনেমায় রুক্মিণীর এটি দ্বিতীয় কাজ। এর আগে ২০২১ সালে অ্যাকশন তারকা বিদ্যুৎ জামওয়ালের বিপরীতে ‘সনক’ সিনেমার মাধ্যমে বলিউডে তাঁর অভিষেক হয়েছিল, যার প্রযোজনাতেও ছিল একই প্রতিষ্ঠান সানশাইন পিকচার্স। ফলে এই প্রযোজনা সংস্থার সঙ্গে এটি অভিনেত্রীর দ্বিতীয় যৌথ কাজ হতে যাচ্ছে। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সিনেমায় রুক্মিণীকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে এবং তাঁর পর্দার দৃঢ় উপস্থিতি ও ব্যক্তিত্বের কথা বিবেচনায় রেখেই নির্মাতারা তাঁকে এই ভূমিকার জন্য চূড়ান্ত করেছেন।
বাংলা চলচ্চিত্রে এক দশকের বেশি সময় ধরে কাজ করছেন রুক্মিণী মৈত্র। অভিনেতা দেবের বিপরীতে ‘চ্যাম্প’ দিয়ে বড় পর্দায় অভিষেকের পর তিনি ‘কবীর’, ‘পাসওয়ার্ড’, ‘কিশমিশ’ ও ‘বুমেরাং’-এর মতো দর্শকপ্রিয় একাধিক চলচ্চিত্রে কাজ করেছেন। সম্প্রতি দেবের প্রযোজনা ও অভিনয়ে নির্মিতব্য ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ চলচ্চিত্রের কাজ শেষ করেছেন তিনি। চলতি বছরের ভারতের স্বাধীনতা দিবসে সিনেমাটি মুক্তির কথা থাকলেও তা স্থগিত করা হয়, যার নতুন মুক্তির তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
