শনিবার (১৭ অক্টোবর) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা ডিবি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান। পুলিশ জানায়, শনিবার ভোর ৩টা ৪০ মিনিটের দিকে আশুলিয়া থানার কবিরপুর রেডিও কলোনী জামে মসজিদের সামনে মহাসড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ডিবি সূত্রে জানা গেছে, বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি পিকআপে করে গাঁজা নিয়ে চন্দ্রা হয়ে বাইপাইলের দিকে আসা হচ্ছে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে কবিরপুর রেডিও কলোনী এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় সন্দেহভাজন পিকআপটি থামিয়ে তল্লাশি চালিয়ে বিশেষ চেম্বার থেকে ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে পিকআপচালক জামাল মিয়াকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৬০ হাজার টাকা। জব্দ করা নীল রঙের রেজিস্ট্রেশন নম্বরবিহীন পুরোনো ফোটন পিকআপটির আনুমানিক মূল্য ছয় লাখ টাকা। গ্রেপ্তার জামাল মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার বনগজ এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে আগে মাদকদ্রব্য-সংক্রান্ত তিনটি মামলা এবং চুরির একটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা জেলা ডিবি উত্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই শেখ মফিজুর রহমানসহ ডিবি পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
The post পিকআপ গাড়িতে বিশেষ চেম্বার বানিয়ে মাদক পরিবহনের সময় ডিবির হাতে গ্রেফতার appeared first on ভোরের চেতনা.
