বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ পেশাজীবীদের জার্মান ভাষা শিক্ষা, সংস্কৃতি, কারিগরি প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক কর্মজীবনের জন্য প্রস্তুত করার লক্ষ্যে বাংলাদেশ কেয়ারগিভিং অ্যান্ড টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট (বিসিটিটিআই) এবং জার্মানি ও বাংলাদেশে পরিচালিত প্রতিষ্ঠান ‘জার্মান শিখি’র মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে বিসিটিটিআই কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিসিটিটিআইয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রোটারিয়ান মো. মাসেকুর রহমান খান এবং জার্মান শিখির ব্যবস্থাপনা পরিচালক মিস নুসরাত জাহান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে ইউনিক গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ সানোয়ারুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এই সমঝোতার মূল উদ্দেশ্য হলো আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশি তরুণদের ভাষাগত, পেশাগত ও সাংস্কৃতিক দিকনির্দেশনা প্রদান করা। বিশেষ করে জার্মানির জনপ্রিয় বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচি ‘আউসবিল্ডুং’ এবং দক্ষতাভিত্তিক অন্যান্য কর্মসংস্থানের সুযোগ গ্রহণে আগ্রহী প্রদেয় প্রার্থীদের সার্বিক প্রস্তুতি নিশ্চিত করতে উভয় প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করবে। এর পাশাপাশি অনুমোদিত মানদণ্ড পূরণ সাপেক্ষে বাংলাদেশে একটি স্বীকৃত জার্মান ভাষা পরীক্ষা কেন্দ্র প্রতিষ্ঠারও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দ সানোয়ারুল হক উদ্যোগটিকে অত্যন্ত সময়োপযোগী উল্লেখ করে বলেন, দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে আন্তর্জাতিক মানের ভাষা, কারিগরি দক্ষতা ও পেশাগত আচরণের মাধ্যমে গড়ে তুলতে পারলে বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হবে। সভাপতির বক্তব্যে রোটারিয়ান মো. মাসেকুর রহমান খান জানান, কেবল প্রশিক্ষণ প্রদান নয়, বরং তরুণদের আন্তর্জাতিক মানের আত্মবিশ্বাসী মানবসম্পদে পরিণত করাই তাঁদের মূল উদ্দেশ্য। অন্যদিকে জার্মান শিখির ব্যবস্থাপনা পরিচালক মিস নুসরাত জাহান বলেন, জার্মানিতে সফলভাবে কাজ করার জন্য ভাষা শেখার পাশাপাশি সে দেশের সংস্কৃতি, কর্মক্ষেত্রের পরিবেশ ও নিয়মকানুন সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা জরুরি, যা এ যৌথ উদ্যোগের মাধ্যমে নিশ্চিত করা হবে।
