অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের মুখে পড়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাককে ডেকে এ নির্দেশ দেওয়া হয় বলে জানা গেছে। তবে রাতে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নামেন ইশরাক। তাঁর সঙ্গে থাকা ব্যক্তিদের হাতেও অস্ত্র ছিল। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর বিএনপি ও সরকারের ভেতরে অসন্তোষ তৈরি হয়।
দল ও সরকারসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, মাদকবিরোধী অভিযান নিয়ে আপত্তি না থাকলেও একজন প্রতিমন্ত্রীর নিজে অস্ত্র হাতে অভিযানে নামা গ্রহণযোগ্য নয়। এতে সরকার বিব্রত হয়েছে।
প্রধানমন্ত্রী শনিবার রাজধানীর ১৩টি স্থান আকস্মিক পরিদর্শন করে বিভিন্ন সেবার মান উন্নয়নে নির্দেশনা দেন। একই দিনে ইশরাকের অস্ত্র হাতে অভিযানের ঘটনা সরকারের ইতিবাচক উদ্যোগের আলোচনা আড়ালে ঠেলে দেয় বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিদের কেউ কেউ।
এ পরিস্থিতিতে ইশরাককে পদত্যাগের নির্দেশকে সরকারের সদস্যদের আচরণ ও জবাবদিহির বিষয়ে প্রধানমন্ত্রীর কঠোর অবস্থানের বার্তা হিসেবে দেখা হচ্ছে।
The post অস্ত্রকাণ্ডে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
