স্পোর্টস ডেস্ক।।
সৌদি ক্লাব আল নাসরের মালিকানা কিনতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো, এমন খবর উড়িয়ে দিয়েছেন ক্লাবটির সাবেক মুখপাত্র সৌদ আল-সারামি। তার দাবি, পর্তুগিজ তারকা আল নাসর কিংবা অন্য কোনো ক্লাবের মালিক হতে চান না।
সৌদি ক্লাবটিতে ২০ শতাংশ তো দূরের কথা, ১ শতাংশ শেয়ারও কিনবেন না তিনি। সম্প্রতি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছিল, ইতালিয়ান ক্লাব এসি মিলানের মালিকানায় থাকা মার্কিন প্রতিষ্ঠান ‘রেডবার্ড ক্যাপিটাল’ এক বিলিয়ন সৌদি রিয়ালের বিনিময়ে আল নাসরের ৭০ শতাংশ শেয়ার কিনতে আগ্রহী।
পাশাপাশি ক্লাবটির ৮০০ মিলিয়ন রিয়ালের ঋণও পরিশোধ করার কথা ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এসব খবরে আরও বলা হয়েছিল, ব্যবসায়ী মোহাম্মদ আল-খারিজি এই বিনিয়োগ উদ্যোগে যুক্ত হতে পারেন।
সম্ভাব্য বিনিয়োগকারীদের মধ্যে রোনালদোর নামও উঠে আসে। গুঞ্জন ছিল, ক্লাবটিতে ২০ শতাংশ মালিকানা পেতে পারেন পর্তুগিজ অধিনায়ক।
তবে এসব দাবি সরাসরি নাকচ করেছেন আল নাসরের সাবেক মুখপাত্র সৌদ আল-সারামি। ‘আল-আরাবিয়া এফএম’ রেডিওর ‘মালায়েব’ অনুষ্ঠানে তিনি বলেন, ‘ক্রিস্তিয়ানোকে নিয়ে ছড়িয়ে পড়া সব আলোচনা পুরোপুরি ভিত্তিহীন। তিনি আল নাসরের বিনিয়োগকারী হবেন না, ২০ শতাংশ তো নয়ই, এমনকি ১ শতাংশেরও মালিক হবেন না।’
আল-সারামির মতে, আলোচনার খবর সত্য হলেও তা প্রাথমিক পর্যায়েই শেষ হয়ে যাবে, চূড়ান্ত কোনো চুক্তি হবে না। ক্লাবটির ৮০০ মিলিয়ন রিয়াল ঋণের খবরও অস্বীকার করেছেন তিনি।
সাবেক এই মুখপাত্র বলেন, ‘খবরে বলা হচ্ছে, আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। আমার বিশ্বাস, বিষয়টি ওই পর্যায়েই শেষ হবে, চুক্তি সম্পন্ন হবে না। আর ৮০০ মিলিয়ন রিয়াল ঋণের যে কথা বলা হচ্ছে, সেটিরও কোনো অস্তিত্ব নেই। আল নাসরের কোনো ঋণ নেই।’
রোনালদোর ক্লাবের মালিক হওয়ার আগ্রহ নিয়েও প্রশ্ন তোলেন আল-সারামি। তার ভাষ্য, আল নাসরসহ কোনো ক্লাবেরই মালিক হতে চান না পর্তুগিজ তারকা।
তিনি বলেন, ‘এ নিয়ে যা বলা হচ্ছে, তার কিছুই সত্য নয়। বিশেষ করে ক্রিস্তিয়ানোকে নিয়ে যে খবর ছড়িয়েছে, তা সঠিক নয়। তিনি আল নাসর কিংবা অন্য কোনো ক্লাবের মালিক হতে চান না।’
