জীবননগর অফিস :
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় দীর্ঘ প্রায় এক সপ্তাহ নিখোঁজ থাকার পর চান মিয়া (৫৫) ওরফে চান্দ আলী নামের এক ভ্যানচালকের মস্তকবিহীন ও অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে আন্দুলবাড়ীয়া-শব্দালপুর সড়কে জীবননগর শাহাপুর পুলিশ ক্যাম্পের অদূরে কোটচাঁদপুর রাস্তার পাশ থেকে তার দেহাবশেষ উদ্ধার করা হয়। নিহত চান মিয়া উপজেলার হাসাদহ বালিগর্ত পাড়ার মৃত জোনাব আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পেশায় রিকশা-ভ্যানচালক চান মিয়া গত সপ্তাহে হঠাৎ নিখোঁজ হন। এরপর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এমনকি তার ব্যবহৃত ভ্যানটিরও কোনো হদিস মিলছিল না। আজ সকালে কোটচাঁদপুর রাস্তার পাশে একটি অর্ধগলিত ও মস্তকবিহীন মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের দেহাবশেষ উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তার -ভ্যানটি ছিনতাই করার উদ্দেশ্যে তাকে নৃশংসভাবে হত্যা করে লাশ নির্জন স্থানে ফেলে রেখে গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে নিহতের গলিত দেহাবশেষ উদ্ধার করেছে। এই নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন, নিহতের কাটা মাথা উদ্ধার এবং ঘটনার সাথে জড়িত অপরাধীদের শনাক্ত করে গ্রেফতার করতে পুলিশ ইতিমধ্যেই জোরদার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
The post জীবননগরে নিখোঁজ ভ্যানচালকের মস্তকবিহীন অর্ধগলিত লাশ উদ্ধার appeared first on sokalerkhobor24.com.
