ডেঙ্গু রোগীদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাসেবা দিতে হবে: মন্ত্রী
দিনাজপুর প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:০৬:২৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ডেঙ্গু আক্রান্ত রোগীদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসাসেবা দিতে হবে। পাশাপাশি ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনসচেতনতা বাড়ানো ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে দিনাজপুর মেডিকেল কলেজের মাল্টিপারপাস অডিটোরিয়ামে ডেঙ্গু জ্বর প্রতিরোধবিষয়ক সেমিনার ও সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে এলাকাভিত্তিক জনসচেতনতা বাড়াতে হবে। বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা থেকে ডেঙ্গুর বাহক এডিস মশার বিস্তার ঘটতে পারে।
চিকিৎসা নিতে আসা রোগীদের পাশাপাশি তাঁদের স্বজনদেরও ডেঙ্গু প্রতিরোধের বিষয়ে সচেতন করার পরামর্শ দেন তিনি। এ ক্ষেত্রে মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগ এবং ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ মো. সাদেক আলীর সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ডা. জাহাঙ্গীর কবির, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. সারোয়ার মোর্শেদ, সিভিল সার্জন ডা. গোলাম রাসুল রাখীসহ বিভিন্ন বিভাগের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।
দিনব্যাপী এ সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকেরা ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত পরিচ্ছন্নতা, বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং পানি জমতে না দেওয়ার ওপর গুরুত্ব দেন।
এর আগে মন্ত্রী দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পরিষদের সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি হাসপাতালের চিকিৎসার মান উন্নয়ন এবং রোগীদের সেবার মান বাড়াতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
