রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মনসুর খান টাওয়ারে আগুন নেভানো ও উদ্ধারকাজ চালাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ফায়ার সার্ভিসের দুই কর্মী।
সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।
অসুস্থ হওয়া দুজন হলেন জিল্লুর রহমান (৪০) ও নজরুল ইসলাম (৫০)।
এর আগে বিকেল ৫টার দিকে চকবাজার থানাধীন মনসুর খান টাওয়ারের সাততলা ভবনটিতে আগুন লাগে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, চকবাজার থেকে অসুস্থ অবস্থায় ফায়ার সার্ভিসের দুই কর্মীকে হাসপাতালে আনা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
কর্তব্যরত চিকিৎসকের বরাতে তিনি জানান, ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ায় তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেনটেনেন্স) লে. কর্নেল মো. মাহমুদুল হাসান রাত ১টার দিকে জানান, আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের দুজন সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
