প্রতিনিধি, গোলাপগঞ্জ · ১৩ অক্টোবর, ২০২৬ ১:৩৩ অপরাহ্ন
সিলেটের গোলাপগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ কেটে বিক্রির অভিযোগে করা মামলায় রুহেল আহমদ (৪২) নামের এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) রাত দেড়টার দিকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের পশ্চিম নিমাদল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রুহেল আহমদ ওই গ্রামের মৃত ছয়ফুল ইসলাম আরব আলীর ছেলে। তিনি লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য।
পুলিশ ও মামলার তথ্য অনুযায়ী, উপজেলার মদনগৌরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা মূল্যের গাছ কেটে বিক্রির অভিযোগ রয়েছে রুহেল আহমদের বিরুদ্ধে। আওয়ামী লীগ সরকারের শাসনামলে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলতানা রাজিয়া বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা করেছেন। মামলাটি ১৩ অক্টোবর ২০২৬ তারিখে নথিভুক্ত হয়েছে। এর নম্বর ১৪ এবং জিআর মামলা নম্বর ২২৬/২০২৬।
এ ছাড়া বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে করা একাধিক মামলায়ও রুহেল আহমদ এজাহারভুক্ত আসামি বলে জানা গেছে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছবেদ আলী ইউপি সদস্যকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গুগলে আমাদের খবর পেতে
