শারদীয় দুর্গোৎসব ২০২৬ উপলক্ষে বান্দরবানে বিভিন্ন মন্দির ও আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তিদের মাঝে অনুদান বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান সেনা জোন।
উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে এ মানবিক উদ্যোগ নেওয়া হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টায় আয়োজিত অনুষ্ঠানে জোন কমান্ডারের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি সাব-জোন কমান্ডার মেজর সৈয়দ রবিউল ইসলাম। এ সময় বান্দরবান সদর জোনের ক্যাপ্টেন নাতিক শেখ তাকি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশ নেন। এ সময় বিভিন্ন মন্দিরের কর্তৃপক্ষের পাশাপাশি আর্থিকভাবে অসচ্ছল ও সহায়তাপ্রত্যাশী ব্যক্তিদের হাতে অনুদান তুলে দেওয়া হয়।
বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছে। এরই ধারাবাহিকতায় বান্দরবান সেনা জোনের এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, এ ধরনের মানবিক কার্যক্রম বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক আস্থা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করবে।
স্থানীয়দের মতে, এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ পাহাড়ে শান্তিপূর্ণ সহাবস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি সেনাবাহিনীর সঙ্গে স্থানীয় জনগণের সুসম্পর্ক জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে।
The post বান্দরবানে দুর্গোৎসব উপলক্ষে সেনাবাহিনীর অনুদান বিতরণ appeared first on ভোরের চেতনা.
