রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের উত্তরপানাপুকুর গিরিয়ারপাড় এলাকায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—নোহালী ইউনিয়নের বাগডহরা এলাকার ৪২ বছর বয়সী রেজাউল ওরফে কানা এবং কোলকোন্দ ইউনিয়নের ৩২ বছর বয়সী সাদিকুল ইসলাম। রোববার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বিষয়টি নিশ্চিত করেছেন।
অটোরিকশার মালিক সিদ্দিকুর রহমান সোহেল জানান, ভোরবেলা তিনি তার ঘরের অটোরিকশা রাখার স্থান থেকে শব্দ শুনতে পান। ঘর থেকে বেরিয়ে তিনি দেখেন, তার অটোরিকশাটি নিয়ে যাওয়া হচ্ছে। তখন বাড়ির পাশের মসজিদে ফজরের নামাজ আদায়রত মুসল্লিদের তিনি চিৎকার করে বিষয়টি জানান। এরপর মুসল্লিরা অটোরিকশাটির পিছু নেন এবং মসজিদের মাইকে চুরির ঘোষণা দেওয়া হয়। খবর পেয়ে স্থানীয়রা বেরিয়ে এসে চোরদের ধাওয়া করেন। অটোরিকশাটি রেখে তিস্তা সেচ ক্যানেল এলাকার ধানক্ষেত দিয়ে পালানোর সময় জনতা ওই দুজনকে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তারা প্রাণ হারান।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে মালিক সোহেল বলেন, মধ্যরাতে বাথরুমে যাওয়ার সময়ও অটোরিকশাটি যথাস্থানে ছিল। পরে সন্তানের কান্নার শব্দে তাকে ঘুম পাড়ানোর সময় তিনি ঘরের ভেতরে অস্বাভাবিক শব্দ শুনতে পান। স্ত্রী জানান যে চোর অটোরিকশা নিয়ে যাচ্ছে। তিনি বারান্দায় গিয়ে অটোরিকশাটি ধরার চেষ্টা করলে চোরেরা তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তিনি অটোরিকশাটি ছেড়ে চিৎকার করলে মুসল্লিরা ধাওয়া করেন। ধস্তাধস্তির সময় মাটিতে পড়ে গিয়ে সোহেলের হাঁটুতে আঘাত লাগে এবং চামড়া উঠে যায়। পরে তিনি খবর পান যে আধা কিলোমিটার দূরে তিস্তা ক্যানেলের কাছে গণপিটুনিতে ওই দুজন মারা গেছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস ছবুর বলেন, ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
The post রংপুরে অটোরিকশা চুরির জেরে গণপিটুনিতে দুই ব্যক্তির মৃত্যু appeared first on Daily Sangbad Chorcha.
