মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে কিশোরগঞ্জে এক পুলিশ সদস্যের ডোপ টেস্ট করা হয়েছে। এতে ড্রাইভার কনস্টেবল মো. ওসমান গনির পরীক্ষার ফল পজিটিভ এসেছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তাঁর ডোপ টেস্ট করা হয়। হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. নূর মো. শামসুল আলম পরীক্ষার ফল পজিটিভ আসার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার ওই পুলিশ সদস্যের ডোপ টেস্ট করা হলে ফল পজিটিভ আসে। পরীক্ষার প্রতিবেদনটি পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছে। জানা গেছে, মো. ওসমান গনি কিশোরগঞ্জ জেলা পুলিশের একজন ড্রাইভার কনস্টেবল। তাঁর বাড়ি ঢাকা জেলার ধামরাই থানার সাহাবেলীশ্বর গ্রামে। তাঁর বাবার নাম আব্দুল কুদ্দুছ।
এ বিষয়ে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অবস্থান জিরো টলারেন্স। পুলিশ সদস্যদের ক্ষেত্রেও এ নীতি সমভাবে প্রযোজ্য।
তিনি আরও বলেন, জেলা পুলিশের কেউ যাতে মাদকের সঙ্গে জড়িত না থাকেন, তা নিশ্চিত করতে সন্দেহভাজন সদস্যদের ডোপ টেস্ট করানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার কনস্টেবল মো. ওসমান গনির ডোপ টেস্ট করা হয়। পরীক্ষার ফল পজিটিভ আসায় তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মাদক নির্মূলে প্রশাসনের ভেতরেও নজরদারি ও পরীক্ষার এ উদ্যোগকে জেলা পুলিশের মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে দেখা হচ্ছে।
The post কিশোরগঞ্জে পুলিশ সদস্যের ডোপ টেস্ট পজিটিভ, নেওয়া হবে আইনগত ব্যবস্থা appeared first on ভোরের চেতনা.
